ব্ল্যাকবেরির গোল্ডেন টিকেট: প্রিভ
অবশেষে ভাগ্যদেবী বুঝি মুখ তুলে চাইলেন কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরির দিকে। স্মার্টফোন বাজারে টিকে থাকতে ব্ল্যাকবেরির চেষ্টার সুফল এসেছে প্রতিষ্ঠানটির তৈরি প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘প্রিভ’-এর হাত ধরে।
স্মার্টফোনটি ক্রেতাদের এতটাই মনে ধরেছে যে, প্রাথমিক মজুদের সব বিক্রি করে ফেলেছে একাধিক খুচরা বিক্রেতা। আর প্রিভ-এর এই সাফল্যের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ওয়ালমার্ট আর বেস্ট বাই-এ প্রিভ-এর মজুদ শেষ হয়ে যাওয়ার খবরে ব্ল্যাকবেরির শেয়ারের দাম বেড়েছে ৭ শতাশ।
গেল কয়েক বছরে স্মার্টফোনের বাজারে টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ব্ল্যাকবেরিকে। বিশ্ববাজারে প্রতিষ্ঠানটির দখল খুবই নগণ্য, একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে বিভিন্ন নির্মাতার তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন আর অ্যাপলের আইফোন। এর মধ্যে প্রিভ-এর সাফল্যেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুখ্য ভূমিকা ছিল বলে মন্তব্য করেছে সিএনএন।
ব্ল্যাকবেরির নিজস্ব অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপের সংখ্যা কম হওয়ায় স্মার্টফোনগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেন ক্রেতাদের অনেকেই। কিন্তু প্রিভ-এ অ্যান্ড্রয়েড থাকায় গুগলের ওএসটির জন্য ডেভেলপারদের তৈরি বিপুল সংখ্যক অ্যাপ ব্যবহারের সুযোগ পাচ্ছে ক্রেতা। পাশাপাশি এর ‘স্লাইড-আউট কি-বোর্ড’-ও অনেকের মনে ধরেছে।
ব্ল্যাকবেরি নিজস্ব সফটওয়্যার বাদ দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করবে এমনটা চিন্তাও করা যেত না কয়েক বছর আগেই। সেই অবস্থান থেকে সরে আসার ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কানাডিয়ান প্রতিষ্ঠানটিই। ব্ল্যাকবেরি সিইও জন চেন স্মার্টফোনের ব্যবসা গুটিয়ে নেওয়ার যে পূর্বাভাস দিয়েছিলেন, সেটা থেকেও হয়তো এবার সরে আসবে ব্ল্যাকবেরি।
“ব্ল্যাকবেরি নিয়ে আমি কী করার চেষ্টা করছি তার উপর যারা নজর রেখেছেন তারা নিশ্চই আমাকে বলতে শুনেছেন যে মুনাফা না আসলে ডিভাইসের ব্যবসায় আমরা থাকবো না। যাই হোক, আমরা আমাদের ডিভাইসের ব্যবসায় লাভ করার জন্য সম্ভাব্য সব কিছুই করছি।”--সর্বশেষ এক ব্লগ পোস্টে এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন ব্ল্যাকবেরি সিইও জন চেন।
