২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানোনিমাস-এর নজরে ডোনাল্ড ট্রাম্প

হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাস-এর নজরে পরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হ্যাকার সংগঠনটির পক্ষ থেকে ট্রাম্প ইসু নিয়ে ‘কিছু একটা করার’ ঘোষণা দেওয়ার ‍কিছুক্ষণের মধ্যেই অফলাইন হয়ে যায় ট্রাম্প-এর রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহৃত ওয়েবসাইটটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 01:21 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টার্গেট’ তালিকায় ডোনাল্ড ট্রাম্প-এর নাম যোগ হওয়ার বিষয়টি অ্যানোনিমাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় শুক্রবার, এক ইউটিউব ভিডিওতে।

ভিডিও শেয়ারিং সাইটটিতে অ্যানোনিমাসের ওই ভিডিও বার্তায় জানানো হয়, একের পর এক মুসলিম বিরোধী বক্তব্যের কারণেই ট্রাম্প-এর উপর ক্ষেপেছে হ্যাকারদের সংগঠনটি। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং মসজিদে নজরদারির কথা বলে রাজনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ট্রাম্প-এর ‘লাগামহীন’ বক্তব্যের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শীর্ষস্থানীয় মার্কিন রাজনীতিবিদরা।   

আর এখন, ওই বক্তব্যের রেশ ধরেই ট্রাম্প-এর পেছনে লেগেছে সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। অ্যানোনিমাসের ঘোষণার পর পরই প্রায় ১ ঘন্টা অফলাইনে ছিল ট্রাম্প-এর ওয়েবসাইট। তবে অ্যানোনিমাসের সাইবার আক্রমণেই সাইটটি বন্ধ হয়ে গিয়েছিল কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প-এর রাজনৈতিক প্রচারণার কাজে অংশ নেওয়া অথবা সাইটটির সঙ্গে সংশ্লিষ্ট কেউই।

শুধু ট্রাম্প নয়, জঙ্গীসংগঠন আইএসএস-এর বিরুদ্ধেও সাইবার যুদ্ধ ঘোষণা করেছে অ্যানোনিমাস। ইন্টারনেট থেকে আইএস-এর নিশানা মুছে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে এখন পর্যন্ত অল্প কিছু আইএস অ্যাকাউন্ট ও কয়েকটি প্রোপাগান্ডা সাইট ডাউন করে দেওয়া ছাড়া তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি সংগঠনটি।