২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিতর্কে গুগল ও ইয়াহু নিউজ

গুগল নিউজ বা ইয়াহু নিউজ-এর মতো সেবাগুলোর সংবাদের অংশবিশেষ বা লিংক দেখানোর জন্য প্রকাশকদের মূল্য পরিশোধ করা উচিত কিনা, সে বিষয়টি খতিয়ে দেখছে ইউরোপিয়ান ইউনিয়ন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সংবাদের অংশবিশেষ পরিবেশন প্রসঙ্গে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান এবং প্রকাশকদের মধ্যে অনেকদিন ধরেই চলমান বিতর্কের ফলে তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, সংবাদ পরিবেশনকারীদের জন্য আদৌ কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা এবং এটি কোনো আইন লংঘন করছে কিনা সেটা তারা বিবেচনা করেন দেখবেন।

সম্প্রতি অনলাইনে কনটেন্ট দেখার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ব্রাসেলস কপিরাইট নীতিমালা শিথিল করেছে। বিষয়টি থেকে দুই পক্ষেরই অর্থ উপার্জনের সুযোগ থাকায় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং প্রকাশক কোনো পক্ষই এ সুযোগ হাতছাড়া করতে চাচ্ছে না। প্রকাশক পক্ষ চাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষ যেন তাদের পক্ষেই কোনো পদক্ষেপ নেন।

এর আগে স্পেইনের নতুন একটি আইনের কারণে দেশটিতে নিজস্ব সেবা বন্ধ করে দিয়েছিল গুগল নিউজ। ওই আইন অনুযায়ী, শিরোনাম এবং সংবাদের অংশবিশেষের পোস্ট করার জন্য প্রকাশকদের আর্থিক সুবিধা দিতে বাধ্য হত গুগল নিউজ। তবে ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, আপাতত ‘হাইপারলিংক’-এর ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই তাদের।

এই প্রসঙ্গে দ্য কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিসিআইএ) জানিয়েছে, লিংক এবং সংবাদের জন্য ‘কর’ বসানো ‘সবার জন্যই দুর্বল-কাঠামোর, বিতর্কিত এবং ক্ষতিকর’ একটি বিষয়। অন্যদিকে ১২ প্রকাশকের এক গোষ্ঠী জানিয়েছে, যদি ‘গুগল ট্যাক্স’ জাতীয় কোনো কিছু তৈরি না করা হয়, তাহলে তাদেরকে এক সময় অনলাইনে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।

এ প্রসঙ্গে ডিজিটাল বিষয়গুলোর দায়িত্বে থাকা ইইউ কমিশনার গুন্থার ওটিংগার জানিয়েছেন, সার্চ ইঞ্জিনগুলোকে সংবাদ অংশবিশেষের জন্য কোনো অর্থ দিতে হবে কি-না, সে বিষয়টি এখনই নিশ্চিত করা সম্ভব নয়, কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।