২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যালওয়্যারের কবলে ‘ইনডিপেনডেন্ট’

সম্প্রতি ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে বিলেতি দৈনিক সংবাদপত্র ‘ইন্ডিপেনডেন্ট’-এর ব্লগিং প্ল্যাটফর্ম। ব্লগটি ভিজিট করার পর ম্যালওয়্যার সংক্রমণের শিকার হচ্ছিল পাঠকদের পিসিও। পত্রিকাটির ব্লগে ম্যালওয়্যার সংক্রমণের খবরটি নিশ্চিত করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্ডিপেনডেন্ট নিয়ন্ত্রিত প্লাটফর্মের একাধিক ব্লগে ‘ক্রিপ্টেসলা’ নামের ম্যালওয়্যারটি নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো-এর গবেষকরা আবিষ্কার করেন।  

‘র‌্যানসমওয়্যার’-ও বলা হয়ে থাকে ওই ম্যালওয়্যারটিকে। প্রথমে এটি আক্রান্ত ডিভাইসের ফাইল সংগ্রহ করে, তারপর তা এনক্রিপশন প্রযুক্তির পাসওয়ার্ডের মাধ্যমে আটকে দিয়ে ডিভাইস মালিকের কাছে অর্থ দাবি করে। অর্থ পাওয়ার পর ডিভাইস মালিককে ফাইলগুলো ডিক্রিপ্ট করার পাসওয়ার্ড দিয়ে দেয়।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে সাইটটি থেকে সব বিজ্ঞাপন সড়িয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। এ প্রসঙ্গে সাইটটির এক মুখপাত্র বলেন, “ব্লগসাইটটির কোনো বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়িয়ে থাকতে পারে।” তবে কোনো ব্যবহারকারী আক্রমণের শিকার হয়েছেন, এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, আনুমানিক ২১ নভেম্বর থেকে ব্লগ সাইটটিতে ওই ম্যালওয়্যারটি ছিল। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান কারিগরি কর্মকর্তা রেমান্ড জিনস বলেন, “আমরা তাদেরকে (দ্য ইন্ডিপেনডেন্ট) মঙ্গলবার এ বিষয় সম্পর্কে জানিয়েছি- কিন্তু এখন পর্যন্ত সাইটটিতে ম্যালওয়্যার রয়েই গেছে। এখন আমাদের সেই সব জনসাধারণকে সতর্ক করা প্রয়োজন, যারা আমাদের মতো নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করছেন না।”

পুরানো অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের নিরাপত্তা ত্রুটির মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়িয়ে থাকে। তবে আপডেট সংস্করণে সংক্রমণের ঝুঁকি নেই। আর তাই ইন্টারনেট ব্যবহারকারীদের অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার আপডেট করার পরামর্শ দিয়েছেন জিনস।