২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি ভার্চুয়াল তবে জেল সাক্ষাত বর্তমান!

যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন চুরির দায়ে ছয় বছরের কারাদণ্ড হয়েছে সিক্রেট সার্ভিস-এর এক সাবেক কর্মকর্তার। ওই কর্মকর্তা শন ব্রিজেস-এর বিরুদ্ধে তদন্ত চলাকালে কয়েক লাখ বিটকয়েন চুরির অভিযোগ আনা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তরিক হাসনাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইন মাদক দ্রব্যের অবৈধ বাজার হিসেবে কুখ্যাত ওয়েবসাইট সিল্ক রোড নিয়ে তদন্তের সময় ব্রিজেস ৮ লাখ ২০ হাজার ডলার সমমূল্যের বিটকয়েন লোপাট করেন।

অগাস্ট মাসে তার বিরুদ্ধে অভিযোগ আনার পর তিনি দোষ স্বীকার করে নেন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড সিবর্গ বলেন, “ব্রিজেস-এর এ ধরনের আচরণ অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।”

সোমবার ওই মামলার রায়ে বিচারক বলেন, “আমার মতে, একজন ফেডারেল আইন প্রয়োগকারী এজেন্ট এর এরকম কাজ অত্যন্ত গুরুতর অপরাধ এবং সব তদন্তের পর এটিই প্রমাণিত হয়েছে, ব্রিজেস সম্পূর্ণ কাজটি লোভের বশে করেছিলেন।”

সিক্রেট সার্ভিস কর্মকর্তা হিসেবে ব্রিজেস সিল্ক রোড তদন্তে অংশ নিয়েছিলেন। ওই অনলাইন বাজারটি মাদক বিক্রির জন্য ব্যবহৃত হত এবং ২০১৩ সালে এফবিআইসহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সাইটটি বন্ধ হয়ে যায়।

রায়ের আগে বিচারকের কাছে ক্ষমা চেয়ে চুরির একটি টাকাও খরচ করেননি বলে জানান ব্রিজেস। তিনি আরও বলেন, “আমি সম্ভাবনাময় একটি কর্মজীবন হারিয়েছি।”ব্রিজেস-এর আইনজীবী বিচারকের কাছে তিন বছর কারাদণ্ড দেয়ার অনুরোধ করলেও বিচারক তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।