মুসলিমরা ফেইসবুকে আমন্ত্রিত: জাকারবার্গ
সম্প্রতি মুসলিমদের নিয়ে নানা বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আর এর রেশ ধরেই এ ব্যাপারে নিজ মন্তব্য জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, বুধবার নিজ ফেইসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এই ইসুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জাকারবার্গ।
ওই পোস্টে ৩১ বছর বয়সী জাকারবার্গ লিখেছেন, “প্যারিসে আক্রমণের পর এই সপ্তাহটিও পছন্দ করতে পারছি না, আমি শুধু কল্পনা করতে পারছি মুসলিমরা আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা হয়তো অন্যদের নির্যাতনের শিকার হতে পারেন। আপনি যদি এই কমিউনিটির কোনো মুসলিম ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ফেইসবুক প্রধান হিসেবে আমি আপনাকে জানাতে চাই, এখানে আপনি সবসময় আমন্ত্রিত এবং আমরা আপনার অধিকার রক্ষার জন্য লড়াই করব এবং শান্তিপূর্ণ ও নিরাপদ একটি পরিবেশ গড়ে তুলব।”
ফেইসবুক আগেই জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের মানুষদের হাতে যোগাযোগের ক্ষমতা পৌঁছে দেওয়া এবং বিশ্বকে আরও উন্মুক্ত করা। এর মধ্যে বিশ্বের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষও অন্তর্ভুক্ত বলেই মন্তব্য করেছে সিনেট।
জাকারবার্গ তার পোস্টে জানিয়েছেন, মতামত প্রকাশের শিক্ষা তিনি ইহুদি হিসেবে পেয়েছেন, আর পরিবার থেকে পেয়েছেন যেকোনো সমাজের বিরুদ্ধে আক্রমণ হলে তার বিপরীতে প্রতিবাদের শিক্ষা।
