‘দিদি কোয়াইদি’-তে ইয়াহু সহ-প্রতিষ্ঠাতা
ইয়াহু ইনকর্পোরেটেড-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেড-এর বিনিয়োগকারী জেরি ইয়াং-কে নিয়োগ দিয়েছে চীনের অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ‘দিদি কোয়াইদি’। চীনের বাজারে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এটি।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দিদি কোয়াইদি-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিষ্ঠানে বোর্ড পর্যবেক্ষক এবং সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াং।
রয়টার্স জানিয়েছে, দিদি কোয়াইদি-তে ইয়াং-এর নিয়োগ প্রতিষ্ঠানটিকে নতুন বিনিয়োগকারী, আলিবাবা এবং জাপানের সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের সঙ্গে সম্পর্ক স্থাপনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। আলিবাবার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জ্যাক মা এবং সফটব্যাংক-এর প্রধান নির্বাহী মাসায়োমি সন-এর সঙ্গে ইয়াং আলিবাবার পরিচালনা পর্ষদের সদস্য বলে জানিয়েছে রয়টার্স।
অন্যদিকে ইয়াহু এবং চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা, দুটি প্রতিষ্ঠানেরই শুরুর দিকের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ছিল সফটব্যাংক। এখন ইয়াং-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হল দিদি কোয়াইদি।
রয়টার্স জানিয়েছে, ভারতের অনলাইন পরিবহন সেবাদাতা ওলা এবং এমিয়ার গ্র্যাবট্যাক্সি-তে সফটব্যাংকের শেয়ার রয়েছে। আর আলিবাবার মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন পরিবহন সেবাদাতা লিফট-এর বেশ কিছু সংখ্যক শেয়ার। এ ছাড়াও কিছুদিন আগেই নিজ নিজ সেবার গণ্ডি বড় করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ওলা, লিফট, গ্র্যাবট্যাক্সি এবং দিদি কোয়াইদি।
