২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিকন ভ্যালির সাহায্য চাইলেন ওবামা

সামাজিক মাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে যাতে উগ্রপন্থীরা কোনো সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা করতে বা এরকম কর্মকাণ্ডের প্রচার না চালাতে পারেন, সে বিষয়ে সিলিকন ভ্যালির সাহায্য চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ওভাল অফিস থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক নিয়মিত ভাষণে সিলিকন ভ্যালির প্রতি এই অনুরোধ জানান ওবামা।

ওই বক্তব্যে ওবামা বলেন, “আমি হাই-টেক এবং আইন প্রয়োগকারী বাহিনীর প্রধানদের অনুরোধ করছি, তারা যাতে বিচারের হাত থেকে সন্ত্রাসীদের পালানোর পথ এবং প্রযুক্তি ব্যবহারের বিষয়টিকে কঠিন করে দেন।”

অন্যদিকে রিপাবলিকান নেতৃত্বে ‘হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি’ নতুন আইন প্রণয়নের বিষয়ে ভাবছে বলেই জানিয়েছে রয়টার্স। সাম্প্রতিক সমস্যার ব্যাপারে কী কৌশল অবলম্বন করা হচ্ছে তা নিয়ে বুধবার ওবামার সঙ্গে আলোচনায় বসবে তারা।

এ প্রসঙ্গে কমিটি চেয়ারম্যান এড রয়েস এক বিবৃতিতে বলেছেন, “আমরা যদি ভবিষ্যত আক্রমণ ঠেকাতে চাই, তাহলে প্রেসিডেন্ট ওবামার সর্বোচ্চ কৌশলের পরিকল্পনা সাজাতে হবে... এবং এজন্য হোয়াইট হাউজে যে সমর্থন প্রয়োজন, তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

রবিবার হোয়াইট হাউজের এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, তারা চাইছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যাতে উগ্রপন্থীদের ঠেকানোর জন্য সামাজিক মাধ্যমের ব্যবহার সীমাবদ্ধ করে হোয়াইট হাউজকে সহযোগিতা করে। তিনি আরও জানিয়েছেন, ‘সন্ত্রাসী কার্যক্রম ও প্রচারণার জন্য যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টি নিয়ে একটি সমঝোতার’ লক্ষ্যে হোয়াইট হাউজ শীঘ্রই প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবে।

যোগাযোগে নজরদারি চালানোর লক্ষ্যে এনক্রিপশন প্রযুক্তিকে দূর্বল করে দেওয়ার জন্য অনেক দিন ধরেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়ে আসছে সরকার। তবে এখন পর্যন্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরকারের ওই আহবানে ইতিবাচক সাড়া দেয়নি।