২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক ডেটায় কাজাখ সরকারের নজর

২০১৬ সালের পহেলা জানুয়ারি থেকে কাজাখস্তানের সরকার নিজ দেশের যেকোনো ইন্টারনেট ব্যবহারকারীর উপর ভার্চুয়াল নজরদারি চালাতে পারবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, কাজাখস্তানে এই নজরদারি বিষয়ে নতুন একটি আইন পাশ হয়েছে।

নতুন ওই আইন মেনে কাজাখস্তানের সব ইন্টারনেট ব্যবহারকারীকে নিজ ইন্টারনেটচালিত ডিভাইসে ‘জাতীয় নিরাপত্তা সনদ’ নামের একটি কোড ইনস্টল করতে হবে। আর ওই কোডটি ইনস্টল করা মাত্র তা সরকারকে ডিভাইসের যাবতীয় তথ্য পাঠাতে থাকবে। ডিভাইসের সে তথ্যগুলো সাধারণও হতে পারে, আবার এনক্রিপ্টেডও হতে পারে, তবে যেমন তথ্যই হোক না কেন তা পৌঁছে যাবে সরকারের হাতে।

অন্যদিকে কোন ইন্টারনেট ব্যবহারকারী কোডটি ইনস্টল করছেন না, সে বিষয়ে নজর রাখবে দেশটির মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো। মোদ্দা কথা, কোড ইনস্টল না করে কোনো রেহাই পাওয়ার কোনো উপায় রাখেনি কাজাখ সরকার। এনগ্যাজেট জানিয়েছে, নিরাপত্তার দোহাই দেওয়া হলেও, আসলে রাজনৈতিক কারণেই এ কাজটি করেছে দেশটির সরকার।

তবে আসলেই যদি নিরাপত্তার জন্য কাজটি করা হয়ে থাকে, তাহলে এর ফলাফল উল্টো খারাপ হতে পারে বলেই জানিয়েছে এনগ্যাজেট। এতে করে একদিকে সরকারের হাতে ডেটা পৌঁছে যাওয়ায় যেমন ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, ঠিক তেমনিভাবে সরকারের তৈরি এই ‘ব্যাকডোর’ কাজে লাগিয়ে সহজেই ইন্টারনেট ব্যবহারকারীদের ডেটা পৌঁছে যেতে পারে হ্যাকার থেকে শুরু করে অন্যান্য দেশের হাতে, সেসব দেশ একই সঙ্গে এই প্রযুক্তিকে নিজ স্বার্থে ব্যবহার করে কাজাখ এবং নিজেদের নাগরিক উভয়ের উপরেই নজরদারি কার্যক্রম চালাতে পারে।

মজার বিষয় হচ্ছে, ‘জাতীয় নিরাপত্তা সনদ’ নামের ওই কোডটি অ্যান্ড্রয়েড, আইওএস, ওএস এক্স এবং উইন্ডোজে কাজ করলেও লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করবে না বলেই জানিয়েছে এনগ্যাজেট। অন্যদিকে যুক্তরাজ্যসহ যেসব দেশ এ ধরনের ‘ব্যাকডোর’-এর জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চাপ দিয়ে আসছে, সে দেশগুলো কাজাখস্তানের শেষ পরিণতি কী হতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে পারে বলেই মন্তব্য করেছে এনগ্যাজেট।