প্রতিশোধের পর্ন ‘রাজা’র জেল
রিভেঞ্জ পর্ন বা প্রতিশোধমূলক পর্নের সাইট ‘ইজ এনিওয়ান আপ’- এর প্রতিষ্ঠাতা হান্টার মুরেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, ‘এক তরুণী হৃদয় ভাঙার’ পর এই সাইট খুলেন বলে জানান 'রিভেঞ্জ পর্ন কিং' হিসেবে খ্যাত ২৯ বছর বয়সী এই ব্যাক্তি। শিগগিরই এটি হয়ে যায় তার বিশাল অর্থ উপার্জনের উৎস।
সাইটটিতে অনেকের নাম ও যোগাযোগের ঠিকানাসহ তাদের নগ্ন ছবি পোস্ট করা হয়। পরিবার বা বন্ধুদের থেকে এসব ছবি সংগ্রহ করা হতো। হয়রানি বা লাঞ্ছিত করার উদ্দেশ্যে অনেকের ছবি দেওয়া হয় এতে।
বুধবার লস অ্যাঞ্জেলসের এক আদালতে দোষী সাব্যস্ত হোন মুরে। হয়রানির শিকার প্রত্যেককে ১৪৫.৭০ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে তাকে।
মুরেকে আড়াই বছর কারাদণ্ড আর ২ হাজার ডলারেরও বেশি জরিমানা করেছে আদালত। আর মুক্তির পরও তাকে তিন বছর নজরদারিতে রাখার আদেশ দেওয়া হয়েছে। এই নজরদারিকে শুধু 'নজরদারি' ভাবাটা ভুল হবে। পুরো তিনটি বছর যে কোনো 'কম্পিউটার, কম্পিউটার-সংশ্লিষ্ট ডিভাইস, স্ক্রিন নেইম, পাসওয়ার্ড, ই-মেইল অ্যাকাউন্ট বা আইএসপি'তে অ্যাকসেস করার সময় নির্দিষ্ট কর্মকর্তাকে সঙ্গে রাখতে হবে তাকে।
এই শাস্তি তার জন্য যথেষ্ট নয় বলে সমালোচনা করা হচ্ছে। প্রতিশোধ পরায়ন হয়ে পর্ন ছাড়ার অপরাধ নিয়ে নির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবস্থা নেই বলেও বলা হচ্ছে সমালোচনায়।
২০১৪ সালে অন্যের কম্পিউটার হ্যাক করে নগ্ন ছবি চুরির উদ্দেশ্যে এক সহযোগীকে অর্থ দেওয়ার সময় ধরা পড়েন মুরে।
যুক্তরাষ্ট্রের পাক্ষিক ম্যাগাজিন রোলিং স্টোন মুরেকে 'ইন্টারনেটের সবচেয়ে ঘৃণ্য ব্যাক্তি' হিসেবে আখ্যা দিয়েছে। সেই সঙ্গে অনলাইনে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে।
'ব্যাক্তিগত আর্থিক লাভের আশায় তথ্য নিতে সংরক্ষিত কম্পিউটার' অ্যাকসেস করা অভিযোগে তাকে আটক করে এফবিআই।
