২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুতথ্যবিষয়ক প্রশ্নের জবাব দিল গুগল

গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন-এর (এফটিসি) কাছে নাগরিক অধিকারবিষয়ক সংগঠন ‘ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন’ (ইএফএফ) যে অভিযোগ করেছিল, তা অস্বীকার করেছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:21 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুগলের বিরুদ্ধে অভিযোগ করে এফটিসিকে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানিয়েছিল ইএফএফ।

অভিযোগে ইএফএফ বলেছিল, ক্রোমবুকে ‘বাই-ডিফল্ট’ ক্রোম ব্রাউজার ইনস্টল করা থাকে যা গুগলকে ট্র্যাক করতে এবং নিজ সার্ভারে ডেটা সংরক্ষণ করতে সাহায্য করে এবং এভাবে শিক্ষার্থীরা কোন সাইট ভিজিট করছে, তার ভিত্তিতে গুগল ডেটা-পাহাড় গড়ে তুলছে। এ ছাড়াও অভিযোগে বলা হয়েছিল, গুগল পণ্যগুলো অভিভাবকের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানে তথ্য পাঠায় এবং প্রতিষ্ঠানটি ওই তথ্যগুলো নিজেদের পণ্য উন্নয়নের জন্য সংগ্রহ করছে।

বুধবার এ প্রসঙ্গে গুগল এক ব্লগ পোস্টে লিখেছে, “আমাদের মূল সেবায় কোনো বিজ্ঞাপন দেখানো হয় না এবং শিক্ষার্থীদের যে ডেটাগুলো সংগ্রহ করা হয়, তা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। আমরা শুধু ক্রোমে বিশেষ ফিচার দেওয়ার লক্ষ্যেই ‘সুনির্দিষ্টভাবে চিহ্নিত’ করা যাবে এমন ডেটা সংগ্রহ করে থাকি। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষার্থীরা যাতে ডিভাইস থেকে নিরাপদে নিজ ব্রাউজিং ডেটা এবং সেটিংসে প্রবেশ করতে পারে, সে ধরনের ফিচার দেওয়ার জন্য আমরা এরকম ডেটা সংগ্রহ করি।’

ওই ব্লগপোস্টে গুগল আরও লিখেছে, “আমাদের প্রক্রিয়া লাখো ক্রোম ব্যবহারকারীর কাছ থেকে ডেটা সংগ্রহ করে একত্রিত করে এবং ওই সমন্বিত ডেটার ভিত্তিতে আমরা আমাদের সেবা আরও উন্নত করি। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের ডেটা যদি আমাদেরকে দেখায় লাখো ব্যবহারকারী এমন কোনো ওয়েবপেইজ ভিজিট করছে যা বন্ধ অবস্থায় রয়েছে, তাহলে আমরা সে সাইটটিকে আমাদের সার্চ ফলাফলের নিচের দিকে নামিয়ে নেই। এর সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির যোগসূত্র নেই বা কোনো শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ করার জন্যও ডেটা ব্যবহার করা হয় না।”

গুগল ইএফএফ-এর অভিযোগ অস্বীকার করার পাশপাশি জানিয়েছে, তারা কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করেনি এবং শিক্ষার্থীদের প্রাইভেসির ব্যাপারে যে অঙ্গীকার করেছিল, তা তারা মেনে চলছে, সে হিসেবে শিশুদের ডেটার অপব্যবহার করা হচ্ছে না।

পুরনো খবর:

শিশুদের তথ্যও সংগ্রহ করে গুগল!