বাংলাদেশে শুরু হচ্ছে 'আওয়ার অফ কোড'
বাংলাদেশে প্রোগ্রামিং শিক্ষায় উৎসাহ দিতে ‘আওয়ার অফ কোড’ আয়োজন করতে যাচ্ছে কোডার্সট্রাস্ট বাংলাদেশ। চলতি বছর ৭ থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। বিশ্বব্যাপী প্রোগ্রামিং শেখার জন্য ‘আওয়ার অফ কোড’ আয়োজন করা হয়।
এক বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোডার্সট্রাস্ট বাংলাদেশ জানায়, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত সবাই বিশ্বব্যাপী ‘আওয়ার অফ কোড’ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশেও ‘আওয়ার অফ কোড’ ছড়িয়ে দিতে কাজ করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বার্তায় জানানো হয়, বাংলাদেশে আওয়ার অফ কোড ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে কোডার্সট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ বলেন, “আওয়ার অফ কোড প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে কোড শিখতে উৎসাহ দিতে বাংলাদেশে এ কর্মসূচি চালু করছে কোডার্সট্রাস্ট।”
প্রোগ্রামটিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা শিক্ষা ও অনলাইন চাকরির বাজারে নিজেদের পরিচয় ঘটিয়ে জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারবে বলে আশা প্রকাশ করেন জন-কায়ো।
গত এক দশকে ফ্রিল্যান্সিং জগতের বড় ধরনের অগ্রগতি বিবেচনায় জন-কায়ো বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে ফ্রিল্যান্সিং প্রতিভাদের মানের ওপর নির্ভর করছে। কোডার্সট্রাস্ট মনে করে বয়স, লিঙ্গ বা আর্থসামাজিক ভেদাভেদ ভুলে প্রতিজন বাংলাদেশির অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে স্বনির্ভর হওয়ার সুযোগ আছে। তিন মাসেরও কম সময়ে নিজের ইচ্ছাশক্তি আর দৃঢ়তা দিয়ে কোড শেখা যায়।”
'আওয়ার অব কোড' সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে (www.coderstrust.com/hourofcode) ওয়েবসাইটে যেতে হবে। এখানে এ অনুষ্ঠানের স্থান ও অনুষ্ঠান সম্পর্কে জানা যাবে।
