২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফ-ড্রাইভিং গাড়ির নতুন পেটেন্ট

পথচারী আর অন্যান্য গাড়ি চালকদের সংকেত দিতে পারবে, সম্প্রতি এমন প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

স্কাই নিউজ জানিয়েছে, ওই সেলফ-ড্রাইভিং গাড়িতে রোবটিক হাতের বিকল্প হিসেবে শব্দ, আলো, মেসেজের মাধ্যমে অন্যান্য গাড়ির চালকদের সংকেত দেওয়ার প্রযুক্তির উল্লেখ করা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় তা নিরাপদ মনে না হলে, পথচারীদের সতর্কও করা যাবে ওই প্রযুক্তি দিয়ে।

২০১২ সালের এক নথিতে পথচারীদের সঙ্গে গুগল কারের যোগাযোগ ক্ষমতা দুর্বল বলে স্বীকার করেছিল গুগল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, “স্বনিয়ন্ত্রিত নয় এমন গাড়িতে সিগনাল চালু, হেড লাইট, হাই বিম, ব্রেক লাইট, রিভার্স লাইট আর হর্নসহ অন্যান্য শব্দ সংকেতের মতো প্রচলিত সংকেত ব্যবহার করা হয়। কিন্তু স্বনিয়ন্ত্রিত গাড়িগুলোতে এমন সরাসরি যোগাযোগ ক্ষমতার অভাব আছে।”

“রাস্তা পার হওয়া যে নিরাপদ নয় তা পথচারীকে জানাতে চালকের দেওয়া সিগনাল ছাড়া শুধু গাড়ি থামিয়ে দেওয়াটা যথেষ্ট নয়।”—বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

পথচারীদের কীভাবে সতর্ক করা হবে, সে বিষয়ে গুগল জানিয়েছে, “এই যানে এমন কোনো সেন্সর দেওয়া হতে পারে যা গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে যাওয়া পথচারীদের শনাক্ত করবে। তখন গাড়িটি তাকে সতর্ক করার জন্য যথাযথ উপায় খুঁজে বের করবে। উদাহরণস্বরূপ, গাড়িটি থামানো উচিত, না গতি কমানো উচিত কিনা তা ঠিক করতে পারবে।”

ইতোমধ্যে গুগলে চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে ১০ লাখ মাইল ভ্রমণ করেছে।