প্রয়োজন আরও জোরদার নিরাপত্তা
যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পল মুর-এর মতে, শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ‘বড় মাত্রার উন্নয়ন’ প্রয়োজন।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ডেটা পরীক্ষা করে এই মন্তব্য করেছেন মুর।
পরীক্ষায় মুর দেশটির শীর্ষস্থানীয় ছয়টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করেছেন। পর্যালোচনার পর মুর জানিয়েছেন, পরীক্ষায় বেশ কিছু সংখ্যক এমন 'বাগ' খুঁজে পাওয়া গেছে, যেগুলোর সুযোগ নিতে পারেন হ্যাকাররা।
মুর আরও জানিয়েছেন, তিনি সমস্যাগুলো সম্পর্কে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছেন এবং নিরাপত্তা আরও দৃঢ় করতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছেন।
বর্তমান পরিস্থিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। প্রতিষ্ঠানগুলো সাধারণত এত খোলামেলাভাবে নিজেদের সমস্যা নিয়ে আলোচনায় আসে না। কিন্তু টকটক হ্যাকিং ঘটনার পর ইন্টারনেট সেবাদাতারা নিজেদের সমস্যা সমাধানে আগ্রহী বলেই মনে করছেন মুর।
তবে অন্যান্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সারা দিলেও টকটক এখনও মুর-এর সঙ্গে যোগাযোগ করেনি বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে ইউনিভার্সিটি অফ সারে-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড জানিয়েছেন, তিনি তথ্য পর্যালোচনার ওই পরীক্ষার ফলাফলে বেশ বিস্মিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইন্টারনেট সেবাদাতারা আমাদের ব্যক্তিগত ডেটার সবচেয়ে বড় একক ‘হ্যান্ডলার’ এবং আমি আশা করি, তারা ত্রুটিগুলো ঠিক করবে”।
