২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই-এর ‘গোমর’ ফাঁস

সম্প্রতি মার্কিন আদালতের এক শুনানিতে জানা গেছে, গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)’ প্রতিবছর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যবহারকারীদের গোপন ডেটা চেয়ে হাজারও গোপন চিঠি পাঠিয়ে থাকে। ফলে বাধ্য হয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা সংস্থাটির কাছে গ্রাহক ডেটা হস্তান্তর করতে হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:00 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের নথি অনুযায়ী, এফবিআই তদন্ত করছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্রাউজিং ডেটা, অনলাইন ক্রয়, আইপি ও ইমেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য হস্তান্তর করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করে গোয়েন্দা সংস্থাটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে বিচারক ভিক্টর মারেরো ২০০৪ সালের একটি চিঠির কনটেন্ট উন্মুক্ত করার নির্দেশ দেন। এফবিআই-এর ওই চিঠির প্রাপক ছিলেন বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান ক্যালিক্স ইন্টারনেট অ্যাকসেস-এর প্রতিষ্ঠাতা নিকোলাস মেরিল।

মেরিল চিঠিটি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এবং এফবিআই-এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেন। ১১ বছর আইনি লড়াইয়ের পর সোমবার আদালতের রায়ে এফবিআই-এর ওই চিঠির কনটেন্ট উন্মুক্ত করা হয়। চিঠিতে দেখা গেছে, এফবিআই মেরিল-এর কাছে এক ইন্টারনেট গ্রাহকের ব্যবসায়িক লেনদেন, রপ্তানি তথ্য, ব্রাউজিং সংক্রান্ত তথ্য এবং ওই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবার ইমেইল অ্যাড্রেস দাবি করেছিল। এ ছাড়াও ওই চিঠির মাধ্যমে ইন্টারনেট গ্রাহকের ‘ডিএসএল অ্যাকাউন্ট ইনফরমেশন’, আইপি অ্যাড্রেস এবং দিনে/রাতে তাকে যারা টেলিফোন করেন তাদের নম্বর চাওয়া হয়েছিল।

মামলায় সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, চিঠির তথ্য থেকে সন্দেহভাজনরা অনেক তথ্য পেয়ে যাবে এবং সতর্ক হয়ে নিজেদের আচরণ বদলে ফেলবে। কিন্তু এটি গোপন রাখার কোন ‘গ্রহণযোগ্য কারণ’ নেই বলে মন্তব্য করেন বিচারক।

রায়ের পর মেরিল বলেছেন, “জনসাধারণের জানা উচিত সরকার কী ভাবে কোনো পরোয়ানা ছাড়াই আমেরিকানদের তথ্য সংগ্রহ করছে।” রায় প্রসঙ্গে এফবিআই এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।