২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাসেবার সাইটে চুরি হওয়া কনটেন্ট

প্রায় সত্তর লাখেরও বেশি মানুষকে অনলাইনে শিক্ষামূলক কনটেন্ট আপলোড ও এর জন্য পারিশ্রমিক দিচ্ছে অনলাইন শিক্ষাসেবাদাতা সাইট ইউডেমি। কিন্তু সম্প্রতি এই সাইটের বিরুদ্ধে অনুমতি ছাড়াই কোর্স আপলোড এবং বিক্রির অভিযোগ করেছেন কিছু কনটেন্ট ও কোর্স-এর নির্মাতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 07:57 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

গ্রাহকদের অভিযোগের মুখে প্রতিষ্ঠানটির দাবি করেছিল কনটেন্টের কপিরাইট লঙ্ঘন করা হচ্ছে কি না সেটা জানার জন্য ব্যবহারকারীদের উপরই নির্ভর করে ইউডেমি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রব কনেরি নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন তার প্রোগ্রামিং কোর্স সাইটটিতে পুনরায় পোস্ট করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তার পরিচয় চিহ্নিতকরণ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, “পাইরেসি হয়। আমি কখনও এত প্রকাশ্য ও নির্লজ্জ চুরি দেখিনি। এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়েছিল আমার আর ইউডেমিতে অন্য একজন সেটা এমনিই বেঁচে দিল।”

কনেরির একটি কোর্স ২৪ ডলার থেকে ছাড় দিয়ে ১৫ ডলার মূল্যে ইউডেমিতে বিক্রি করা হয়। এটি নিয়ে ফেইসবুকে বিজ্ঞাপনও দেয়া হয়। মূল্য ছাড় দেওয়ার পরও পাঁচ তারকা রেটিং পাওয়া এই কোর্সের মূল্য প্রায় ১৪ হাজার ডলার হওয়ার কথা বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এই অভিযোগটি যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে সাইট থেকে কোর্সটি সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছে ইউডেমি।

কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনতে ব্যবহারকারীকে প্রথমে ইউডেমিতে যোগ দিতে হয়। সদস্য নয় এমন লোকদের জন্য আলাদা একটি ‘সাপোর্ট মেইল’-এর ব্যবস্থা রাখা আছে। কিন্তু এর মাধ্যমে পাঠানো অভিযোগ সাইটে স্পষ্টভাবে প্রকাশ করা হয় না। অভিযোগ পাঠানোর এমন বাধাকে ‘নোংরা’ হিসেবে অভিহিত করেছেন কনেরি। 

ইউডেমিতে নিজের কোর্স পেয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্টও। তার হ্যাকিং নৈতিকতাবিষয়ক একটি কোর্স ৪৭ ডলারে বিক্রি করা হয়েছে আর এটিও বর্তমানে সাইট থেকে মুছে ফেলা হয়েছে। এক্ষেত্রে মূল কোর্সের শুরুতে থাকা “হাই, আমি হান্ট” উক্তিটি আর হান্টের পরিচয় চিহ্নিতকরণ জলছাপ মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হান্টের কোর্সের বিক্রি করে কোনো টাকা নেওয়া হয়নি আর এটি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউডেমি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “অনলাইন একটি মুক্তবাজার ব্যবস্থা, তাই অন্য প্ল্যাটফর্মগুলোর মতো আমরাও মেধাসম্পত্তি চুরি করে নিজের নামে পুনরায় পোস্ট করে লাভ হাতিয়ে নেওয়ার মতো বাজে পরিস্থিতির মুখোমুখি হয়েছি।”

এটি প্রতিষ্ঠানের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে ইউডেমি।