২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলায় ‘বুরো অফ মিটিওরলজি’

সাইবার আক্রমণের শিকার হয়েছে অস্ট্রেলিয়ার ‘বুরো অফ মিটিওরলজি (বিওএম)’। ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)’ এক প্রতিবেদনে বিওএম-এর ওই সাইবার হামলার খবর জানিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার আক্রমণের পেছনে চীনের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এবিসি তাদের প্রতিবেদনে ওই সাইবার আক্রমণকে ‘ম্যাসিভ’ বলে অ্যাখ্যা দিয়েছে। এবিসি নিউজকে বেশ কয়েকজন বিওএম কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাদের মধ্যে একজন কর্মকর্তা জানিয়েছেন, সাইবার আক্রমণে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে বছরখানেক সময় লাগবে এবং কয়েক লাখ অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে।

তবে সাইবার নিরাপত্তা ইসু নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে এক বিবৃতিতে বিওএম দাবি করেছে তাদের সব কার্য্ক্রম ঠিকঠাকই চলছে।

বিবৃতিতে বিওএম-এর পক্ষ থেকে বলা হয়েছে, “অংশীদারদেরকে নির্ভরযোগ্য এবং উচ্চক্ষমতাসম্পন্ন আবহাওয়া, জলবায়ু, পানি ও সমুদ্রবিষয়ক তথ্যে অ্যাকসেস দেওয়ার ব্যাপারটি অব্যাহত আছে।” এসব বাদে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলেই জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, কেন সংস্থাটি সাইবার আক্রমণের শিকার হয়েছে, এই আক্রমণের পেছনে চীন রয়েছে বলে কেন সন্দেহ করা হচ্ছে, হামলার পর বিওএম-থেকে আদৌ কোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কিনা, আর হাতিয়ে নিলেও কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে-এ প্রশ্নগুলোর জবাব এখনও অজানাই রয়ে গেছে।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা-তে অবস্থিত চীনা দূতাবাস থেকে ওই সাইবার আক্রমণ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

অন্যান্য সেবার পাশাপাশি বিওএম বাণিজ্যিক বিমান সংস্থা ও রপ্তানিকারকদের জলবায়ু সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করে, জাতীয় পানি সরবরাহ বিষয়ে গবেষণা ও জলবায়ুবিষয়ক তথ্য সংগ্রহ করে এবং দেশটির প্রতিরক্ষা বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বলে জানিয়েছে বিবিসি।