বাজারে সিমফনির নতুন স্মার্টফোন
সম্প্রতি ‘H60’ এবং ‘H120’ মডেলের নতুন দুটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে হ্যান্ডসেট ব্র্যান্ড সিমফনি। স্মার্টফোন দুটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১।
এক বিজ্ঞপ্তিতে পরিবেশক প্রতিষ্ঠান এডিসন গ্রুপ জানিয়েছে, সিমফনি ‘H60’-তে রয়েছে পাঁচ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ও আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্মার্টফোনটির আভ্যন্তরীন স্টোরেজ আট গিগাবাইট হলেও গ্রাহকরা মেমোরি কার্ডের সাহায্যে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা পাবেন বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ২,৩০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। সিমফনি ‘H60’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৯৯০ টাকা।
অন্যদিকে ৮.৪ মিলিমিটার পুরুত্বের সিমফনি ‘H120’ মডেলে রয়েছে পাঁচ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং OV সেন্সরের পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্লাশ ও আইএসও সেল সেন্সরের আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্মার্টফোনটির আভ্যন্তরীন স্টোরেজ ১৬ গিগাবাইট। তবে গ্রাহকরা মেমোরি কার্ডের সাহায্যে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা পাবেন। এ ছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ৩,২০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও মাল্টি জেশ্চার সেটিংস। ৮,৩৯০ টাকা মূল্যের এই হ্যান্ডসেটটির সঙ্গে আকর্ষণীয় ব্যাক কভারও রয়েছে বলেই জানিয়েছে সিমফনি।
