২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হল ‘যানো মিনি ড্রোন’ প্রকল্প

বন্ধ হয়ে গেছে ইউরোপের সবচেয়ে সফল কিকস্টার্টার আইডিয়া ‘যানো মিনি ড্রোন’ প্রকল্প। সম্প্রতি আইডিয়াটির পেছনে থাকা প্রতিষ্ঠান টর্কিং গ্রুপ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 11:41 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিকস্টার্টারের মাধ্যমে ২০ লাখ পাউন্ড অনুদান সংগ্রহ করা স্বত্ত্বেও প্রকল্পটি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল।

টর্কিং গ্রুপ প্রকল্পটির সমর্থনকারীদের উদ্দেশ্যে লেখা এক বিবৃতিতে বলেছে, “আমাদের জানা সব রাস্তা খতিয়ে দেখার পর এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর আমরা স্বেচ্ছায় পাওনাদারদের ধার পরিশোধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা যানো প্রকল্পের ফলাফলে প্রচণ্ড হতাশ, এই সুযোগে আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা কঠিন সময়ে আমাদের সঙ্গে ছিলেন, বিশেষ করে আমাদের অনুগত কর্মকর্তাদের যারা তাদের প্রতিশ্রুতির চেয়েও বেশি কষ্ট করেছেন।”

অন্যদিকে গত সপ্তাহেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অসুস্থার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এদিকে টর্কিং গ্রুপ প্রকল্প বাস্তবাযনে ব্যর্থ হওয়ায় কিকস্টার্টারের উপর চড়াও হয়েছেন অনদান দাতারা। অনেকে সেখানে ক্ষোভ প্রকাশ করছেন, আবার অনেকে কিকস্টার্টারের মতো অনুরূপ মাধ্যমগুলোতে আর কোনো অনুদান দেবেন না বলে জানাচ্ছেন।

এক বিবৃতিতে কিকস্টার্টার বলেছে, “কিকস্টার্টারের নির্মাতাদের প্রশংসনীয় রেকর্ড রয়েছে, কিন্তু প্রকল্প সফল হবে কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। যদি কথা দেওয়া স্বত্ত্বেও কোনো নির্মাতা প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হন, তাহলে অনুদানদাতাদের সঙ্গে তাদের যে চুক্তি রয়েছে তা রক্ষা করতে হবে। এ বিষয়টি আমাদের শর্তাবলীতে আগে থেকেই উল্লেখ করা আছে।”