গ্লাসের পর এবার গুগলের ‘প্রজেক্ট অরা’
নতুন ডিজাইন নিয়ে কাজ করছে টেক জায়ান্ট গুগলের পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য নির্মাণে নিয়োজিত বিভাগ। বর্তমানে প্রজেক্ট অরা (Project Aura) নামের এই দলটির হাতে রয়েছে অন্তত তিনটি নতুন গ্যাজেট।
ওই তিনটি গ্যাজেটের একটি শুধু অডিওনির্ভর একটি হেডসেট হবে-শোনা যাচ্ছে এমনটাই। কিন্তু এটি কেন বাজারে প্রচলিত আর দশটি হেডফোন বা ব্লুটুথ ইয়ারপিস থেকে আলাদা হবে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয় নি। তবে এই অডিওনির্ভর ডিভাইসটি ‘গুগল গ্লাস’ দিয়ে গুগল যে লক্ষ্য অর্জন করতে চাইছিল সেটিতে পৌঁছাতে পারবে বলে মনে করছে মার্কিন প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
চলতি বছর জুনে যাত্রা শুরু করেছে প্রজেক্ট অরা। মূলত গুগল গ্লাস প্রকল্প বাস্তবায়িত করতেই প্রতিষ্ঠানটির পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বানানোর এই নতুন বিভাগ চালু করা হয়। যদিও প্রথমদিকে এই প্রকল্প ‘গুগল এক্স’ ল্যাবের অংশ ছিল, পরে নেস্ট ল্যাব প্রধান টনি ফেডেল আর ডিজাইনার আইভি রসের নিয়ন্ত্রণে চলে যায় প্রজেক্ট অরা।
নতুন ডিভাইসগুলোর মধ্যে একটি স্ক্রিন ছাড়া ডিভাইসে কথা থাকলেও, অরা পুরোপুরি স্ক্রিন এড়িয়ে যাচ্ছে এমন নয়। ‘স্পোর্টস’ ডিভাইস হিসেবে আনতে যাওয়া অডিও-নির্ভর ডিভাইসটির সঙ্গে আরও দুটি ডিভাইসও তাদের হাতে রয়েছে। এ ডিভাইসগুলোতে স্ক্রিন থাকবে বলে জানিয়েছে দ্য ভার্জ।
