আইএসকে নেটবিচ্ছিন্ন করবে অ্যানোনিমাস
চরমপন্থি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করেছে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস। শুক্রবার প্যারিস হামলার পর এ ঘোষণা দেয় হ্যাকারদের আন্তর্জাতিক দলটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ইন্টারনেট থেকে চরম পন্থী সংগঠনটির অস্তিত্ব মুছে ফেলা হবে এমন ঘোষণাই দিয়েছে হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস।
রবিবার এক ইউটিউব ভিডিওর মাধ্যমে অ্যানোনিমাস আনুষ্ঠানিকভাবে আইএসআইএস-এর উদ্দেশ্যে সাইবার যুদ্ধ ঘোষণা করে। অ্যনোনিমাসের ওই ভিডিওতে মুখোশ পরিহিত একজন ফরাসী ভাষায় বলেন, “বড় মাত্রার সাইবার আক্রমণের জন্য অপেক্ষা কর। আমরা যুদ্ধ ঘোষণা করছি। প্রস্তুত হও।”
দীর্ঘদিন ধরেই নতুন সদস্য সংগ্রহ, নিজস্ব প্রোপাগান্ডা প্রচার ও নিজেদের নানাবিধ কার্যক্রমের জন্য ইন্টারনেট ব্যবহার করছে আইএস। অন্যদিকে হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাসের সাইবার আক্রমণের হাত থেকে সরকার থেকে শুরু করে কর্পোরেট প্রতিষ্ঠান কেনোটিই রেহাই পায়নি। হ্যাকিং গোষ্ঠীটির কাছে কোনো বিষয় অনৈতিক ও মূল্যবোধহীন মনে হলে, তারা সাইবার আক্রমনের মাধ্যমে সেটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়।
আইএসকে ইন্টারনেট থেকে বিতাড়িত করার জন্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে #OpParis নামে ক্যাম্পেইন শুরু করেছে অ্যানোনিমাস। হ্যাকার গোষ্ঠীটি সাধারণত ওয়েবসাইট অফলাইনে নিয়ে আসতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (ডিডিওস) ধরনের সাইবার আক্রমণ চালিয়ে থাকে।
তবে সিনেট জানিয়েছে, অ্যানোনিমাসের এই ঘোষণাটি অপ্রত্যাশিত কিছু নয়। জানুয়ারিতে ফরাসী বিদ্রুপ প্রকাশনা শার্লি হেব্দো’তে সন্ত্রাসী হামলা চালানোর পর থেকেই অ্যানোনিমাসের টার্গেট তালিকায় জায়গা করে নিয়েছিল আইএস।
