২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী পরিকল্পনা গোপনে ‘গোয়িং ডার্ক’

উগ্র চরমপন্থিরা সন্ত্রাসী আলোচনা ও পরিকল্পনার জন্য বেছে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো সোশাল প্ল্যাটফর্মগুলো। প্রথমে এ প্ল্যাটফর্মলোতে সন্ত্রাসীরা পরিচিত হচ্ছে এবং পরবর্তীতে এনক্রিপশন প্রযুক্তির সাহায্যে নিজেদের মেসেজগুলো গোপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চরমপন্থিদের এ প্রক্রিয়াটি ‘গোয়িং ডার্ক’ নামে পরিচিত।

বর্তমানে ‘গোয়িং ডার্ক’ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের মেসেজ ডিক্রিপ্ট করার আগেই সন্ত্রাসীরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কমে কনগ্রেসকে জানিয়েছেন নজরদারি প্রতিনিয়ত কঠিন হচ্ছে।

এ প্রসঙ্গে অক্টোবরে কমে বলেছেন, “এনক্রিপশন নতুন কিছু নয়। কিন্তু বিষয়টি এখন চ্যালেঞ্জে পরিণত হয়ে যাওয়ায় আইনপ্রয়োগকারী সংস্থা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বিপাকে পড়ে গেছেন। যদি আমাদের অন্ধকারে রাখার লক্ষ্যে রিয়েল-টাইম ইন্টারসেপশন ব্যবহার করা হয়, তাহলে বলা যায় এনক্রিপশন আমাদের সবাইকে একটি অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে।”

বিবিসি জানিয়েছে, সন্ত্রাসীরা এখন এমন একটি কৌশল অবলম্বন করছে যা দুটি অংশে বিভক্ত। প্রথমটি হচ্ছে দূরবর্তী স্থান থেকে নিজেদের মধ্যে সংযোগ স্থাপন এবং দ্বিতীয় ধাপ হচ্ছে গোপনে নিজেদের পরিকল্পনা সাজানো। বর্তমানে জনপ্রিয় প্রায় সব সামাজিক প্ল্যাটফর্মই গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এনক্রিপশন সেবা দিয়ে থাকে। আর সন্ত্রাসীরা বর্তমানে এই নিরাপত্তা সেবার সুযোগটিকেই নিজেদের কাজে ব্যবহার করছে।

ফলে আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসীদের বিভিন্ন মেসেজ কম্পিউটার কোড রূপে হাতে পাচ্ছেন এবং সরকার নিয়োজিত গুপ্তচররা মেসেজগুলোর কোড দ্রুত ভাঙতে পারছেন না।

জনস হপকিন্স ইউনিভার্সিটির ক্রিপ্টোগ্রাফি ও কম্পিউটার নিরাপত্তা বিষয়ের অধ্যাপক ম্যাথিউ গ্রিন জানিয়েছেন, সব ইমেইল কখনই পড়া সম্ভব নয়। যদি সেগুলো এনক্রিপ্টেড নাও হয়, তাহলেও সম্ভব নয়।