২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের ‘যুন’

১৫ নভেম্বর নিজেদের ‘যুন’ মিউজিক স্ট্রিমিং সেবা বন্ধ করে দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ১৫ তারিখে থেকেই যে সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে, মাইক্রোসফটের বদৌলতে তা কয়েকদিন আগেই জানতে পেরেছিলেনেএর ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 12:50 AM

Updated : 22 Aug 2022, 01:57 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাইক্রোসফট ২০০৬ সালে নিজেদের যুন প্লেয়ার ও ডিজিটাল মিউজিক স্ট্রিমিং সেবাটি চালু করেছিল।

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইপড ও আইটিউনসের সঙ্গে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করার লক্ষ্যেই মূলত নিজেদের ওই মিউজিক স্ট্রিমিং সেবাটি নিয়ে এসেছিল মাইক্রোসফট। কিন্তু অ্যাপলকে টেক্কা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেবাটি। সময়ের পরিক্রমায় আরও পিছিয়ে পরেছে যুন। বাজারে দৃঢ় অবস্থান গড়তে না পারার কারণে অবশেষে এটি বন্ধই করে দিল মাইক্রোসফট।

বিবিসি জানিয়েছে, ২০১১ সাল থেকেই যুন হার্ডওয়্যার নির্মাণ বন্ধ করে দেয় মাইক্রোসফট। বাকি ছিল যুন মিউজিকের ডাউনলোড ও স্ট্রিমিং সেবা। রোববার অনেকটা চুপিসারে এই সেবারও ইতি টানল মাইক্রোসফট।

যুন প্লেয়ারকে এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করা গেলেও, এতে আর অনলাইন মিউজিক স্ট্রিম সেবা পাওয়া যাবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বর্তমানে যেসব যুন সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে প্রতিষ্ঠানটির গ্রুভ মিউজিক প্ল্যাটফর্ম নামের আরেকটি সেবায় স্থানান্তর করা হবে।

গ্রুভ মিউজিক প্ল্যাটফর্ম মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান, অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এবং গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওসের সঙ্গে কাজ করে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, যুনের মাসিক বা ত্রৈমাসিক পরিকল্পনার অধীনে যেসব সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে গ্রুভের মাসিক পরিকল্পনায় স্থানান্তর করা হবে। এতে খরচ পড়বে ৯ ডলার ৯৯ সেন্ট। আর গ্রুভের বার্ষিক সাবস্ক্রিপশনে স্থানান্তর করা হলে সাবস্ক্রাইবারদের বার্ষিক খরচ হবে ৯৯ ডলার ৯০ সেন্ট।