খসড়া আইনের বিপক্ষে ডেল প্রধান
যুক্তরাজ্যের ‘ইনভেস্টিগেটরি পাওয়ার্স বিল’ নিয়ে নিন্দা প্রকাশ করেছেন মার্কিন পিসি নির্মাতা প্রতিষ্ঠান ডেল-এর প্রধান নির্বাহী মাইকেল ডেল। গ্রাহকদের ‘আনএনক্রিপ্টেড ডেটা’ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাধ্য করার বিষয়টি ‘ভয়াবহ একটি আইডিয়া’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইতোমধ্যে ‘দ্য স্নুপার্স চার্টার’ নামে পরিচিতি পেয়েছে খসড়া আইনটি।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, খসড়া আইনটি নিয়ে নিন্দা জানালেও তার প্রতিষ্ঠান যে কোনো দেশের আইন মানতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন ডেল।
ডেলের মতে এনক্রিপশন ভাঙার ফলে যত না সমস্যার সমাধান করবে, তার চেয়ে বেশি সমস্যা বাড়বে। এ প্রসঙ্গে ডেলের বক্তব্য হচ্ছে, “আমাদের অবস্থান থেকে নিজেদের পণ্যে এমন ‘ব্যাক ডোর’ তৈরি করতে হবে যার মাধ্যমে সরকার প্রবেশাধিকার পাবে। কিন্তু এটি একটি ভয়াবহ আইডিয়া। কারণ, এই ধরনের ব্যাক ডোরের মাধ্যমে অনাকাঙ্খিত মানুষও প্রবেশাধিকার পেয়ে যেতে পারেন।” সব কারিগরি বিশেষজ্ঞ এক্ষেত্রে একমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ডেল।
ডেল আরও জানিয়েছেন, এই সমস্যাগুলোর ব্যাপারে রাজনীতিবিদ ও সরকারকে বোঝানোর জন্য প্রযুক্তি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ডেল বলেন, “আমরা বিশ্বব্যাপি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং শীঘ্রই যুক্তরাজ্য সরকারের সঙ্গে বসে, কেন এ পদক্ষেপটি ভুল হতে পারে তা আমাদের কারিগরি দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করবো।”
নভেম্বর মাসের শুরুতে যুক্তরাজ্যের ‘ইনভেস্টিগেটরি পাওয়ার্স বিল’-এর খসড়া প্রকাশিত হয়। খসড়া আইনটির সাহায্যে যুক্তরাজ্য সরকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের এনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করাতে বাধ্য করতে পারবে। তবে সেজন্য সরকারের ওয়ারেন্টের প্রয়োজন পড়বে বলে জানিয়েছে টেলিগ্রাফ। এ ছাড়াও প্রকাশিত খসড়া বিলে রয়েছে, ওয়েব এবং ফোন কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের ১২ মাসের ইন্টারনেট হিস্টোরি সংরক্ষণ করতে হবে।
