২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নতুন অ্যাপল ওয়াচ

অ্যাপল ওয়াচের দ্বিতীয় সংস্করণ এখন ‘ডেভেলপমেন্ট স্টেজ’-এ আছে এবং ২০১৬ সালেই বিশ্ববাজারে এর অভিষেক হবে বলে সম্প্রতি প্রতিবেদনে প্রকাশ করেছেন চীনের একটি ওয়েবসাইট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ওই ওয়েবসাইটটি নিজেদের প্রতিবেদনে সূত্র হিসেবে উল্লেখ করেছে হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘কোয়ান্টা কম্পিউটার’-এর নাম। আর অ্যাপলের হয়ে কোয়ান্টা কম্পিউটার ‘অ্যাপল ওয়াচ’ নির্মাণ করায় গুরুত্ব পাচ্ছে চীনের ওই ওয়েবসাইটটির প্রতিবেদন।

সাইটটির প্রতিবেদনে অ্যাপল ওয়াচের পরবর্তী সংস্করণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আগের মডেলটির থেকে ভাল হবে, আরও উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হবে এমনটাই বলা হয়েছে ওই প্রতিবেদনে।

অ্যাপল ওয়াচের দ্বিতীয় সংস্করণটি ২০১৬ সালেই বাজারে আসবে এমনটা আগেও বলা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে। 

বিশ্বাবাজারে অ্যাপল ওয়াচের প্রথম সংস্করণটির অভিষেক হয়েছে চলতি বছরের এপ্রিলে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের আনুমানিক হিসাব, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৭০ লাখ ‘অ্যাপল ওয়াচ’ বিক্রি করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক স্মার্টওয়াচ বিক্রি করতে পারেনি প্রযুক্তিপণ্যের বাজারে স্যামসাং, মটোরোলা আর এলজির মতো অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউই।

অ্যাপল ওয়াচের দ্বিতীয় সংস্করণে ব্যাটারি লাইফ আরও দীর্ঘ হবে এবং এর মূল ফিচারগুলো আরও উন্নত হবে বলে জানিয়েছে সিনেট।