ফেইসবুকে ওবামার পেইজ
এবার সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুকে চালু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিজস্ব পেইজ। আর বিশ্ববাসীর প্রতি জলবায়ু পরিবর্তন ইসু নিয়ে তৈরি এক ভিডিও বার্তা দিয়েই ফেইসবুকের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
রয়টার্স জানিয়েছে, আগে থেকেই ‘বারাক ওবামা’ নামে একটি ফেইসবুক পেইজ চালাত ওবামাকে নির্বাচনে জিততে সহায়তাকারী রাজনৈতিক সংগঠন ‘অর্গানাইজেশন ফর অ্যাকশন’। তবে এবারের পেইজটি খোলা হয়েছে সরাসরি হোয়াইট হাউজের তত্ত্বাবধানে। আর নতুন পেইজের পোস্টগুলো দেওয়া হবে সরাসরি ওবামার পক্ষ থেকেই।
চলতি বছর মে মাসে টুইটারেও মার্কিন প্রেসিডেন্টের জন্য নতুন টুইটার অ্যাকাউন্ট খুলেছে হোয়াইট হাউজ।
ওবামার নতুন পেইজে প্রথমেই একটি ভিডিও আপলোড করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের দক্ষিণ লনে হাঁটছেন আর প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হচ্ছেন এমনই দৃশ্যপট তুলে ধরা হয়েছে ভিডিওটিতে।
ভিডিওতে ওবামা বলেন, “হ্যালো, ফেইসবুক! শেষ পর্যন্ত আমি আমার নিজস্ব পেইজ পেয়েছি। আমার বাড়ির পেছনের উঠানে আমার সঙ্গে হাঁটার আমন্ত্রণ জানাচ্ছি। যা আমি দিন শেষে রাতের খাবার খেতে যাওয়ার আগে করে থাকি।”
ভিডিওটিতে জলবায়ু পরিবর্তন রুখতে মার্কিনিদের অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। জলবায়ু পরিবর্তন নিয়ে প্যারিসে আসন্ন বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেথ করে তিনি বলেন, “আমি নিশ্চিত করতে চাই যে, সারা বিশ্ব পরবর্তী প্রজন্মকে সৃষ্টিকর্তার দেওয়া পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ দিতে পারবে।”
মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যদি পুরো আমেরিকা এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশ নেয়, তবে আমরা এমন আত্মবিশ্বাস পাব যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক কাজটি করছি আর এভাবে আমরা যে আশীর্বাদ পেয়েছি তা আমাদের সন্তানদের কাছে পৌঁছে দিতে পারব।”
