২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইবিএম-এ বাফেটের লোকসান ২শ’ কোটি

চার বছরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সুপার কম্পিউটার নির্মাতা আইবিএম-এর ১৩শ’ কোটি ডলারের বিনিয়োগ করেছিলেন বিশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত মার্কিন বিজনেস ম্যাগনেট ওয়ারেন বাফেট। এর মধ্যেই ওই বিনিয়োগে ২শ’ কোটি ডলার লোকসান হয়েছে তার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইবিএম-এ বাফেট বিনিয়োগ করেছিলেন ‘বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে’-এর মাধ্যমে। চার বছরে ১ হাজার ৩শ’ কোটি ডলারের বিনিয়োগের মধ্যে ২শ’ কোটি ডলারই লোকসান হয়েছে বাফেটের।

শেয়ার বাজারে আইবিএম-এর এই দুর্বল অবস্থার কারণে এখনই হাল ছাড়তে রাজি নন বাফেট। বর্তমান অবস্থা সাময়িক বলে মন্তব্য করেছে বাফেটের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে।

এ প্রসঙ্গে হ্যাথঅ্যাওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “নিয়মিত মুনাফা অর্জন করছে আইবিএম, নগদ আয়ও করছে প্রতিষ্ঠানটি। আইবিএম-এর সাধারণ শেয়ারের উপর থেকে বিনিয়োগ উঠিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত আমাদের নেই। আমরা আশা করছি আইবিএম-এর শেয়ারের দাম বাড়বে।”

২০১১ সালে আইবিএম-এর শেয়ার কেনা শুরু করেন বাফেট। একজন বিনিয়োগকারীর পক্ষে যতটা করা সম্ভব, বাফেট আইবিএম-এর ক্ষেত্রে তার সবই করেছেন বলে জানিয়েছে বিবিসি। ‘বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে’ সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে যে ৪টি প্রতিষ্ঠানে, তার মধ্যে একটি আইবিএম।

মজার ব্যাপার হল, কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা থেকে সব সময়ই বিরত থেকেছেন ওয়ারেন বাফেট। হঠাৎ করে ২০১১ সালে আইবিএম-এর শেয়ারে বিনিয়োগ করা শুরু করে ব্যবসা জগতের অনেককেই চমকে দিয়েছিলেন তিনি।