মৌলিক অধিকারের আওতায় ব্রডব্যান্ড
২০২০ সালের যুক্তরাজ্যের নাগরিকদের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট পানি আর গ্যাসের মতোই ‘মৌলিক অধিকার’ হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, আগামী ৫ বছরের মধ্যে যুক্তরাজ্যের প্রতিটি বাসা এবং ব্যবসা কেন্দ্রে সাশ্রয়ী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরন।
এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “ইন্টারনেট ব্যবহার বিলাসিতা হতে পারে না। এটা ২১ শতকের একজন ব্রিটিশ নাগরিকের জন্য মৌলিক অধিকার হওয়া উচিত। তাই আমি ব্রিটেন নিয়ে আমার ডিজিটাল মিশনে বড় একটি পদক্ষেপ নিচ্ছি।”
“সাধারণ মানুষের কাছে গ্যাস, বিদ্যুৎ এবং পানি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন অগ্রগামী ছিলাম, তেমসি দ্রুত গতির ইন্টারনেট চায় এমন সব বাড়ি এবং ব্যবসা কেন্দ্রে আমরা ব্রডব্যান্ড পৌঁছে দেব।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, গ্রাহকরা যেন প্রতি সেকেন্ড সর্বনিম্ন ১০ মেগাবিট গতির ইন্টারনেট সংযোগ পান সেটা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
ব্রিটেনের ৮৩ শতাংশ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ আছে বলে জানিয়েছে স্কাই নিউজ। ২০১৭ সালের মধ্যে এই হার ৯৭ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে সাইটটি।
