আরও ‘ব্যক্তিকেন্দ্রিক’ হবে ফেইসবুক বিজ্ঞাপন
বিজ্ঞাপনের খাতিরে ফেইসবুক ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট আর অভ্যাস যে ভাবে বিশ্লেষণ করে তা ইতোমধ্যেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের অনেকেরই। এর মধ্যেই ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে বিজ্ঞাপন কেন্দ্রিক আরও দুটি পণ্য আনছে ফেইসবুক যার ফলে আরও বেশি ‘ব্যক্তিকেন্দ্রিক’ হবে সাইটটিতে দেখানো বিজ্ঞাপনগুলো।
বিলেতি দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেতাদের অবস্থানের উপর নির্ভর করে বিজ্ঞাপনে পরির্বতন আনতে পারবে একাধিক বিক্রয়কেন্দ্র আছে এমন প্রতিষ্ঠানগুলো।
উদাহরণ হিসেবে ফেইসবুক জানিয়েছে, “ব্যবহারকারী কোথা থেকে বিজ্ঞাপনটি দেখছেন তার উপর ভিত্তি করে বিজ্ঞাপনে পরিবর্তন আনতে পারবে বিজ্ঞাপন দাতারা। যেমন, গ্লাসগো থেকে ফেইসবুক অ্যাকসেস করছেন এমন একজন ব্যবহারকারীর কাছে একটি কফি চেইন শপের বিজ্ঞাপন উপস্থাপন করা হবে ‘জয়েন আস ফর লাঞ্চ ইন গ্লাসগো।’ আবার ব্রিস্ট্রলে অবস্থানকারী ব্যবহারকারীর জন্য একই কফি শপের বিজ্ঞাপনটিন ভাষা বদলে হবে ‘জয়েন আস ফর লাঞ্চ ইন ব্রিস্টল’।”
এই ফিচারটিকে ফেইসবুকের ‘লোকাল অ্যাওয়ারনেস অ্যাডস’-এর আপডেট হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান। বিজ্ঞাপনদাতার জন্য ওই ফিচারটি চালু করা হয়েছিল ২০১৪ সালে। তবে একাধিক স্থানের জন্য বিজ্ঞাপন এডিট করার সুযোগ ছিল না এতে।
আর দ্বিতীয় ফিচারটিতে ব্যবহারকারীর কোন কোন এলাকা হয়ে যাওয়া-আসা করছেন সেই ডেটার ভিত্তিতে বিজ্ঞপান দিতে পারবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ব্যবহারকারীর বয়স ও লিঙ্গসংশ্লিষ্ট তথ্য ছাড়াও কোনো এলাকায় কত জন স্থানীয় আছেন, সেই তুলনায় কত জন পর্যটক যাওয়া আসা করছেন সে ডেটা পাবে বিজ্ঞপানদাতারা। আর ওই ডেটার ভিত্তিতে ব্যবহারকারীদের চিহ্নিত করে বিজ্ঞাপন দেখাতে পারবে প্রতিষ্ঠানগুলো।
