২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিন প্রযুক্তি: মরতে হয়নি শিশুটিকে

লায়লা- সদা হাস্যজ্জল এক শিশুর নাম, যে শিশুটি হয়ে থাকবে চিকিৎসাবিজ্ঞানের এক বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

লিউকেমিয়ায় আক্রান্ত ছিল লায়লা। প্রথম জন্মদিনের আগের দিন লায়লার বাবা-মা জানতে পারেন, চিকিৎসকদের নেওয়া সব চেষ্টাই বিফলে গেছে। নিশ্চিত মৃত্যুর দিকেই যাচ্ছে আদরের লায়লা।

এক মাস পরের চিত্র পুরোটাই ভিন্ন। লায়লা এখন হেসে-খেলে বেড়ানো এক শিশু। চেহারায় নেই লিউকেমিয়ায়ার কোনো ছাপ। এমন ‘অলৌকিক’ পরিবর্তন কীভাবে এল?

লায়লাকে বাঁচানোর কোনো সম্ভাবনাই যখন আর নেই, তখন শেষ চেষ্টা হিসেবে পরীক্ষামূলক পর্যায়ে থাকা একটি জিন থেরাপির শরণাপন্ন হন চিকিৎসক আর জৈবপ্রযুক্তিবিদরা। বলে রাখা ভাল, লায়লার আগে কেবল ইদুঁরের উপর ওই পরীক্ষা চালানো হয়ছিল।

আর সেই জিন থেরাপির রোগ প্রতিরোধী কোষই জীবন বাঁচিয়েছে লায়লার। ওই ‘জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড সেল’গুলোর কাজই ছিল লায়লার শরীরের ক্যান্সার জীবাণু ধ্বংস করা। আর এতে সফলও হয়েছেন চিকিৎসকরা।

ক্যান্সারসহ রক্তশূন্যতার মতো নিরাময়অযোগ্য রোগের প্রতিকারক হিসেবে ব্যবহার করা যেতে পারে এই প্রযুক্তি, যা হবে চিকিৎসাবিজ্ঞানে অসামান্য জয়।

জিন থেরাপি দুনিয়াকে বদলে দিতে যাচ্ছে— অনেকদিন ধরেই এমন দাবি করে আসছেন উৎসাহী বিজ্ঞানী আর সাংবাদিকরা। তবে কি এখন সত্যিই এই বদল চলে এল? লন্ডনে অবস্থিত শিশুদের হাসপাতাল গ্রেট অরমোন্ড স্ট্রিট হসপিটালের অধ্যাপক অ্যাড্রিয়ান থ্র্যাশারের কথায় প্রশ্নের উত্তরটা অনেকটা স্পষ্ট।

অধ্যাপক থ্র্যাশার বলেন, “এই প্রযুক্তি যখন নতুন ছিল তখন তা অবাস্তব বলে একটা গুঞ্জন ছিল, ১৫-২০ বছর পর এই প্রযুক্তি এখন পরিপক্ক হয়েছে। আমি মনে করি, ওই গবেষণাগুলোর ফল এখন আমরা পাচ্ছি, তাই আমি মনে করি এটি বাস্তব।"

মানবশরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গের সৃষ্টি আর কার্যক্রম পরিচালনার পেছনে রয়েছে ডিএনএ। আর জিনভিত্তিক সব ধরনের চিকিৎসায় বদলে দেওয়া হয় এটি।

শুরু দিকে, এই চিকিৎসায় রোগীর শরীরে খুঁজে না পাওয়া বা ক্ষতিগ্রস্থ ডিএনএ- এর জায়গায় নতুন ডিএনএ প্রবেশ করানো হতো।

পরবর্তীতে জিঙ্ক ফিঙ্গারস, ট্যালেনস আর ক্রিস্পার নামের তিনটি প্রযুক্তির অভিষেক ঘটে। এগুলো ব্যবহার করে ডিএনএ শনাক্ত করা যায় ও একজোড়া আণবিক কাচি দিয়ে ডিএনএ সম্পাদনা করা যাবে।

লায়লার ক্ষেত্রে, একজন ডোনারের কাছ থেকে সংগ্রহ করা হয় শ্বেত রক্তকণিকা। লায়লার শরীরে ক্যান্সাররোধী ওষুধ দেওয়া হয়, আর সুস্থ টিসুগুলোতে আক্রমণ বন্ধ করা হয়। সেই সঙ্গে লিউকেমিয়া কোষগুলো আক্রমণের জন্য নতুন জিন প্রবেশ করানো হয় নতুন একটি ভাইরাসের মাধ্যমে।

ইতোমধ্যে জিঙ্ক ফিঙ্গারস নিয়ে এইচআইভি আক্রান্ত রোগীদের উপর পরীক্ষা চালানো হচ্ছে।

লায়লার চিকিৎসায় নিয়োজিত অধ্যাপক ওয়াসিম কাসিম বলেন, “এই প্রযুক্তি অনেক দ্রুত এগোচ্ছে।”

সামনের ১০ বছরের মধ্যে এ প্রযুক্তির বিপ্লব হবে বলে মনে করেন অধ্যাপক থ্র্যাশার।