২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬০ কোটি ডলারে ‘চীনের ইউটিউব’

৩৬০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি হচ্ছে চীনের ইউটিউব নামে পরিচিত ভিডিও শেয়ারিং সাইট ইউকু টুডৌ (Youku Tudou)। ক্রেতাও অপরিচিত বা নেহাতই নতুন কেউ নয়, চীনের অনলাইন শপিং জায়ান্ট আলিবাবা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

মালিকানা হাতবদলের নতুন চুক্তির ফলে ইউকু টুডৌ-এর বাজার মূল্য এখন ৪শ’ ৪০ কোটি ডলার।

বিবিসি জানিয়েছে, ২০১৪ সালেই ইউকু টুডৌ-এর ১৮ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিল আলিবাবা। এবার বাকি ৮২ শতাংশও কিনে নিচ্ছে প্রতিষ্ঠানটি। আর মালিকানা হাতবদলের পুরোটাই নাকি হবে নগদ অর্থের বিনিময়ে।

ইউকু কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটিকে আলিবাবা প্রাইভেট লিমিটেড কোম্পানির পর্যায়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

চীনের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হিসেবে বিবেচনা করা হয় ইউকু-কে। সাইটটির মাসিক ‘ইউনিক ভিডিটর’-এর সংখ্যা ৫৮ কোটি।

মালিকানা হাতবদল হলেও ইউকু চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ পদে বহাল থাকবেন সাইটটির প্রতিষ্ঠাতা ভিক্টর কু।

মালিকানা হাতবদলে প্রসঙ্গে কু বলেন, “শীর্ষ মাল্টি-স্ক্রিন এন্টারেইনমেন্ট এবং মিডিয়া প্লাটফর্ম হিসেবে চীনের বাজারে ইউকু টুডৌ-এর ভবিষ্যত এখন নিশ্চিত।”

অন্যদিকে আলিবাবার যাত্রা শুরু ই-বমার্স প্রতিষ্ঠান হিসেবে। কয়েক বছরের ব্যবধানে অনলাইন রিটেইল জায়ান্টে পরিণত হওয়া প্রতিষ্ঠানটি এখন চেষ্টা করছে চীনের ক্রমবর্ধমান ডিজিটাল মিডিয়ার বাজারে শক্ত অবস্থান গড়ে নিতে।

সম্প্রতি শিয়ামি ডটকমে বিনিয়োগ করেছে আলিবাবা, যা চীনের স্থানীয় মিউজিক সার্ভিস প্রোভাইডারদের মধ্যে শীর্ষস্থানীয়। শুধু তাই নয়, গেল বছর প্রযোজনা প্রতিষ্ঠান ‘চায়না ভিশন মিডিয়া’ কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি।