টকটকের পর ভোডাফোনও হ্যাকড
টকটক ঘা শুকানোর আগেই নতুন আঘাত পেল ব্রিটিশ টেলিকম খাত। এবার হ্যাকিংয়ের শিকার যুক্তরাজ্যভিত্তিক মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ভোডাফোনের গ্রাহকরা।
মোবাইল অপারেটরদের শীর্ষ সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী ভোডাফোন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর।
রয়টার্স জানিয়েছে, হ্যাকাররা ভোডাফোনের ১ হাজার ৮শ' ২৭জন গ্রাহকের অ্যাকাউন্ট আকসেস করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর একে একে হ্যাকিংয়ের শিকার হওয়া গ্রাহকদের ব্যাংক সর্ট কোড, ব্যাংক অ্যাকাউন্টের শেষ চার নাম্বার, তাদের নাম আর মোবাইল নাম্বার হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
এক বিবৃতিতে তিনি বলেন, "ভোডাফোনের বাইরের অজানা কোনো উৎস থেকে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ব্যবহার করে অপরাধীরা এঘটনা ঘটিয়েছে।"
এই হ্যাকের শিকার হওয়া গ্রাহকদের মধ্যে এখন পর্যন্ত হাতেগোনা কয়েকজন তাদের অ্যাকাউন্টে প্রতারণামূলক কর্মকাণ্ড দেখতে পেয়েছেন। ওই মুখপাত্র বলেন, “কোনো ক্রেডিট বা ডেবিট কার্ডের নাম্বার এখনও নেওয়া হয়নি। তবে, এই চুরি হওয়া তথ্য ১ হাজার ৮শ' ২৭জন গ্রাহককে ‘ফিশিং’ আর প্রতারণার ঝুঁকিতে রাখে।” জড়িতদের ধরতে প্রতিষ্ঠানটি কাজ করছে জানিয়ে অন্যান্য গ্রাহকদের সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি।
এক সপ্তাহ আগে হ্যাক হয় আরেক টেলিকম প্রতিষ্ঠান টকটক গ্রাহকদের অ্যাকাউন্ট। এ ঘটনায় ৪০ লাখ গ্রাহক ঝুঁকিতে রয়েছেন বলে জানায় প্রতিষ্ঠানটি।
টকটক হ্যাকে ২১ হাজারের মতো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর সর্ট কোড বেহাত হয়েছে।
