২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড় দিচ্ছে অ্যাপল!

প্রতিদিনকার ব্যবহৃত অনেক পণ্যেই নানা ধরনের ফ্রি বা ছাড়ের অফার দেখা যায়। কিন্তু এমন অফার যদি আসে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের গ্যাজেটে, তাহলে তো একটু অবাক হতেই হয়। পণ্য প্রচারে অ্যপলে ছাড়ের রেওয়াজ কখনোই ছিল না। আর তাই, অবাক করা হলেও সত্যি, আইফোন ৬এস বা ৬এস প্লাসের সঙ্গে অ্যাপল ওয়াচ কিনলে, অ্যাপল ওয়াচে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 12:57 AM

Updated : 22 Aug 2022, 01:44 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চারটি আর ম্যাসাচুয়েটসের চারটি দোকনে এমন অফার দেওয়া হচ্ছে। চলতি বছর ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই অফার চলবে। ছাড় পেতে ওই দোকানে গিয়েই কিনতে হবে, অনলাইন অর্ডারে এই ছাড় পাওয়া যাবে না।

কেন অ্যাপল এই ছাড় দিচ্ছে? উত্তরটা খুবই সহজ, অ্যাপল ইকোসিস্টেমে আরও বেশি মানুষকে আকৃষ্ট করতে এমন পদক্ষেপ।

কেউ একটা আইফোন ব্যবহার করলে, আইক্লাউড আর অ্যাপ বিক্রির মাধ্যমে অ্যাপল আয় করতে পারছে। সেই সঙ্গে ব্যবহারকারী যদি অ্যাপল ওয়াচও নিয়ে নেন, তবে তিনি পুরোপুরিই অ্যাপল গ্যাজেটনির্ভর হয়ে যাবেন। আর এ থেকে খুব শিগগির তার সরার কোনো সম্ভাবনাও থাকবে না।

ব্যবহারকারী তার অ্যাপল ওয়াচ বদলে অন্য কোনো স্মার্টওয়াচ না নিলে তার আইফোনও তিনি বদলাবেন না, এমন ধারণা করাই যায়। আর এর ফলে, নিশ্চিত হয়ে যাচ্ছে তার অ্যাপল ব্যবহার। নতুন এই কৌশলের নেপথ্যের কারণ হিসেবে এমনটাই জানিয়েছে টেকক্রাঞ্চ।