বিদায় ‘আদার’ ইনবক্স
ফেইসবুক মেসেঞ্জার সার্ভিসে ‘আদার’ ইনবক্স ফোল্ডারটি বাদ দেওয়ার ঘোষণার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এর ফলে হয়রানি এবং স্প্যামের সংখ্যা বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন কিছুসংখ্যক ব্যবহারকারী। ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা ব্যক্তিদের মেসেজ জমা হত ‘আদার’ ইনবক্সে।
বিবিসি জানিয়েছে, ইনবক্সে ‘আদার’ ফোল্ডারটির পরিবর্তে নতুন ‘মেসেজ রিকোয়েস্ট’ ফিচার চালু করতে যাচ্ছে ফেইসবুক। সার্ভিসটির মাধ্যমে ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা ব্যক্তিরা একে অপরকে মেসেজ পাঠাতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর অ্যাকাউন্টে মেসেজ ‘রিকোয়েস্ট’ অপশন আসবে যা তিনি ইচ্ছেমতো গ্রহণ বা বাদ দিতে পারবেন। মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ডিভাইসে জমা হবে।
এই পরিবর্তনের ফলে ফেইসবুকের বিভিন্ন গ্রুপে মেসেজ আদান-প্রদানকারীরা বিপত্তির আশঙ্কা করছেন বলে জানিয়েছে বিবিসি।
বর্তমানে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেইসবুকে লগ ইন করার পর ব্যবহারকারীর ইনবক্সে ‘আদার’ নামের অরেকটি ফোল্ডার দেখা যায়। তবে ওই ফোল্ডার ১৫০ কোটি ব্যবহারকারীর খুব কম সংখ্যক ব্যক্তিরই দৃষ্টিগোচর হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
অন্যদিকে এ সম্পর্কে যুক্তরাজ্যের ব্লগারদের একটি ফেইসবুকে গ্রুপের প্রতিষ্ঠাতা রেবেকা স্মিথ জানান, আদার ফোল্ডারে জমা হওয়া মেসেজগুলো বলে তা অনেক সময় সদস্যদের চোখেই পড়েনা। নতুন মেসেজ রিকোয়েস্ট সার্ভিসটির মাধ্যমে এই সমস্যা সমাধান করা যাবে বলে তিনি মনে করেন।
তবে আদার ফোল্ডারের পরিবর্তে সরাসরি ইনবক্সে মেসেজ পাঠানো যাবে বলে নারী ব্যবহারকারীদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ফেইসবুকের মেসেজিং প্রোডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড মার্কাস বলেন, “আমরা মেসেঞ্জারকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাই যার মাধ্যমে আপনি পছন্দের ব্যক্তিকে খুঁজে পাবেন এবং তার সঙ্গে একান্ত যোগাযোগ স্থাপন করতে পারবেন। তবে এক্ষেত্রে ঐ ব্যক্তির সম্মতির পরই তার সঙ্গে যোগাযোগ করা যাবে।”
এই সার্ভিসের মাধ্যমে গ্রাহক মেসেজ আদও পড়ছেন কিনা নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন মার্কাস।
ফেইসবুক আদার ইনবক্স ফোল্ডারে মূলত ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা ব্যক্তিদের মেসেজ জমা হতে থাকে। মেসেজগুলোর অধিকাংশই ইভেন্টে যোগদানের আমন্ত্রণ বা অসংলগ্ন বিষয় নিয়ে হয়ে থাকে যার প্রতি অধিকাংশ ব্যবহারকারীর নজরই থাকে না।
