২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেস্টেশনে সনির মুনাফা

স্মার্টফোনের বাজারে সনি সুবিধা করে উঠতে পারছে না সে তো পুরানো খবর। গেল বছরেই স্মার্টফোনের বাজারে মার খেয়ে ব্যাপক আর্থিক লোকসান গুনেছিল প্রতিষ্ঠান। বছর ঘুরতেই প্লেস্টেশনের বদৌলতে আবারও মুনাফার ঘরে ফিরেছে প্রতিষ্ঠানটি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:13 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সনির এই মুনাফার ঘরে ফেরার পেছনে মূল অবদান প্লেস্টেশন গেইমিং কনসোল আর ক্যামেরা লেন্সের সেন্সর নির্মাণ বিভাগের বলে জানিয়েছে প্রযুক্তিবিসয়ক সাইট এনগ্যাজেট ডটকম।

সর্বশেষ আর্থিক প্রতিবেদনে ২৭.৮ কোটি মার্কিন ডলারের মুনাফার খবর জানিয়েছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ আয় কম হলেও বছর জুড়ে বিভিন্ন খাতের খরচ কমিয়ে লাভের মুখ দেখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

পেট্লস্টেশনের পাশাপাশি সনির সাফল্যে বড় অবদান রেখেছে ক্যামেরার লেন্সের জন্য সেন্সর নির্মাণের ব্যবসাও। বিশেষ করে আইফোনের সর্বশেষ দুটি মডেলের জন্য ক্যামেরা সেন্সর তৈরি করে ভাল সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। এই খাত থেকে সাম্প্রতিক সময়ে সনি এতটাই সাফল্য পেয়েছে যে পুরো বিভাগকে আলাদা করে দিয়ে নতুন প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।  

আর প্লেস্টেশন ৪ দিয়েও গেইমিং কনসোলের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি। বেড়েছে কনসোলটির বিক্রির পরিমাণও।