২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নতুন সাইবার আইন

সাইবার প্রতিরক্ষা আরও জোরদার করতে মঙ্গলবার নতুন আইন পাস হয়েছে মার্কিন সিনেটে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা আর প্রতিষ্ঠানগুলো বারবার সাইবার হামলার শিকার হওয়ার প্রেক্ষিতে এ আইন পাস করা হলো।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 12:06 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

চলতি বছর শুরুর দিকে হাউস অফ রিপ্রেজেনটেটিভস এ পাস হওয়া আইনের সঙ্গে মিল রেখে নতুন এই আইন করা হয়েছে। এর ফলে, স্বেচ্ছায় সরকারের সঙ্গে সাইবার হুমকিবিষয়ক তথ্য শেয়ার করা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার দায় বাড়ানো হয়েছে। ৭৪-২১ ভোটে সহজেই সিনেটে পাস হয়ে যায় আইনটি।

হোয়াইট হাউসও ওই আইনের প্রতি সমর্থন জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টে বারাক ওবামার কাছে পৌঁছানোর আগে আইনটিতে কিছু সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

সাইবার সিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট (সিআইএসএ) নামের এই আইনটি কয়েক বছর ধরে সিনেটে পড়েছিল। এই আইনের ফলে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থাসহ অন্যান্য সরকারি গুপ্তচর সংস্থার কাছে আরও বেশি নাগরিকদের ব্যাক্তিগত তথ্য যাবে- প্রাইভেসি গ্রুপগুলো এমন অভিযোগের কারণে এ আইন পাস করা হচ্ছিল না।

কিন্তু চেম্বার অফ কমার্সসহ অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা ঠেকাতে সরকারের সঙ্গে কাজ করতে তথ্য শেয়ারের আইন প্রয়োজনীয় বলে দাবি করে আসছিল।  

সাইবার হামলা ঠেকাতে এই আইন খুব একটা জোরালো না বলে মনে করেন সমালোচকরা। অন্যদিকে চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে এই আইনকে প্রথম ধাপ হিসেবে দেখছেন আইনটির সমর্থকরা।