জঞ্জাল হিসেবে নিলামে নাসার রোভার!
নিলামে চন্দ্র অভিযানের বিভিন্ন বস্তু লাখ ডলারে বিক্রি হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এর ব্যতিক্রমও আছে। চন্দ্রাভিযানের জন্য নাসার ব্যবহৃত একটি লুনার রোভারের শেষ গন্তব্যস্থল হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় অবস্থিত এক স্ক্র্যাপইয়ার্ড।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, জঞ্জাল হিসেবে বিক্রি হয়ে স্ক্র্যাপইয়ার্ডে পৌঁছানো লুনার রোভারটি ছিল চাঁদে পাঠানো রোভারগুলোর প্রোটোটাইপ।
আর ওই রোভারটির ডিজাইনের উপর ভিত্তি করেই নাসার তৈরি তিনটি রোভার পরবর্তীতে চাঁদে পাঠানো হয়েছিল।
নাসার তথ্য অনুযায়ী, লুনার রোভারটি ছিল ‘লোকাল সায়েন্টিফিক সার্ভে মডিউল’। ২১ ফিট প্রস্থের রোভারটির ওজন ছিল ৮ হাজার পাউন্ডের বেশি। এতে ছিল ৫ ফুট ব্যাসের চাকা।
স্ক্র্যাপইয়ার্ডে যাওয়ার আগে রোভারটির অবস্থান ছিল এক শখের মহাকাশ বিজ্ঞানীর বাড়ির পেছনের উঠানে। রোভারটি নাসার হাত থেকে ওই বিজ্ঞানীর হাতে কীভাবে পৌঁছালো আর সেখান থেকে জঞ্জাল হিসেবে স্ক্র্যাপ ইয়ার্ডেও কী ভাবে গেল এই প্রশ্নগুলোর কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছে দ্য ভার্জ।
