‘টকটক’ হ্যাকিং সন্দেহে কিশোর গ্রেপ্তার
ব্রিটিশ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টকটক হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকায় উত্তর আয়ারল্যান্ড থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘কম্পিউটার মিসউইজ অ্যাক্ট’ আইন লংঘন করেছেন এমন সন্দেহেই ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ৪ টা ২০ মিনিটে কাউন্টি আন্ট্রিমের এক বাড়িতে তারা তল্লাশি চালান। ওই বাড়িতে এখনও তল্লাশি চলছে।আর গ্রেপ্তার হওয়া বালককে আন্ট্রিম পুলিশ স্টেশনে রাখা হয়েছে এবং তাকে বর্তমানে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক অভিযানটি পুলিশ সার্ভিস অফ নর্দান আয়াল্যান্ড (পিএসএনআই) এবং মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ইউনিট (এমপিসিসিউইউ) যৌথভাবে পরিচালনা করেছে। গেল সপ্তাহে হ্যাকিংয়ের শিকার হয়েছিল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টকটকের ওয়েবসাইট।
হ্যাকিংয়ের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, যুক্তরাজ্যের ৪০ লাখেরও বেশি গ্রাহকের ব্যাংকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে হ্যাকাররা।
পরবর্তীতে টকটকের প্রধান নির্বাহী জানিয়েছেন, তারা হ্যাকিংয়ের ঘটনা যতটা গুরুতর মনে করেছিলেন, আদতে তা হয়নি।তবে হ্যাকিংয়ের বিষয়টি প্রতিষ্ঠানটির শেয়ারের দামে প্রভাব ফেলেছে। সোমবারের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১২ শতাংশ হ্রাস পেয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
