২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া রিভিউ বন্ধে টুইটার ক্যাম্পেইন

ভ্রমণবিষয়ক মার্কিন সাইট ‘ট্রিপঅ্যাডভাইজার’ এ ভুয়া রিভিউ প্রকাশ বন্ধে সাইটটির কর্তৃপক্ষতে বাধ্য করতে টুইটার ক্যাম্পেইন শুরু করেছেন রেস্তোরাঁ মালিক, গ্রাহক এবং খাদ্য সমালোচকরা। ক্যাম্পেইনের সাংগঠনিক ভূমিকা পালন করছেন ব্রিটিশ সাপ্তাহিক দ্য অবসার্ভারের ‘রেস্তোরাঁ সমালোচক’ জে রেইনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:42 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত সপ্তাহে #noreceiptnoreview হ্যাশট্যাগের ব্যবহার করে ভুয়া রিভিউ নিয়ে টুইটারে প্রতিবাদ জানানো হচ্ছে।

ট্রিপঅ্যাডভাইজারের ওয়েবসাইটে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁবিষয়ক ২৫ কোটিরও বেশি রিভিউ রয়েছে।

টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে ট্রিপঅ্যাডভাইজার কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে, কোনো ব্যক্তি যেন রেস্তোরাঁ বা হোটেলের বিল ছাড়া সাইটটিতে কোনো রিভিউ পোস্ট না করতে পারেন।

এ ব্যাপারে ক্যাম্পেইনে অংশগ্রহণনকারীদের বক্তব্য হচ্ছে, এ পদক্ষেপ নিলে অন্য কাউকে দিয়ে ভুয়া রিভিউ লেখানো সম্ভব হবে না। যিনি রিভিউ লেখবেন, তিনি যে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন, তার প্রমাণ হিসেবে তাকে বিলের কপিও পোস্ট করতে হবে।

বিষয়টি নিয়ে রেইনার এবং #noreceiptnoreview এর অন্যান্য সমর্থকদের মন্তব্য হচ্ছে, এ প্রক্রিয়ায় একদিক থেকে যেমন ট্রিপঅ্যাডভাইজার ভুয়া রিভিউয়ের হাত থেকে রক্ষা পাবে, ঠিক তেমনিভাবে সাইটটি আবার গ্রাহক আস্থা অর্জন করতে পারবে।

এ প্রসঙ্গে রেইনার বলেন, “ট্রিপঅ্যাডভাইজার কর্তৃপক্ষও স্বীকার করেছেন যে তাদের ভুয়া রিভিউয়ের কারণে সমস্যা হচ্ছে। এখন আপনার যদি এমন একটি ব্যবসা মডেল থেকে থাকে যা মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল, তাহলে আপনার উচিত সে বিশ্বাস রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া।” ওয়েব রিভিউয়ের উপর থেকে গ্রাহকদের বিশ্বাস উঠে গেলে তা ভবিষ্যতে অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি।

গার্ডিয়ান জানিয়েছে, টুইটারে এ হ্যাশট্যাগ ক্যাম্পেইন গড়ে তোলার আইডিয়াটি টম নামের এক ব্যক্তির, পেশাগত কারণে তার আসল নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

অন্যদিকে এই টুইটার ক্যাম্পেইন প্রসঙ্গে ট্রিপঅ্যাডভাইজারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি রিসিট বা বিলের কপি গ্রহণের বিপক্ষে। কারণ হিসেবে ওই মুখপাত্র বলেছেন, “আমরা বিশ্বাস করি, প্রত্যেকেরই নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। এমন নয় যে শুধু যিনি বিল পরিশোধ করবেন, তিনিই রিভিউ লেখার সুযোগ পাবেন। বিলের  বিষয়টি অনেকটা এমন হবে যে, চার বন্ধু কোনো রেস্তোরাঁয় খেয়েছেন, প্রত্যেকেরই সেই স্থান সম্পর্কে ভিন্ন মতামত রয়েছে। কিন্তু মতামত জানাতে পারবেন শুধু বিল পরিশোধকারী।”