ল্যাবে তৈরি ‘ব্রেইন অর্গানয়েডস’!
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, মানব ভ্রুনের মস্তিষ্কের ‘জেনেটিকালি ইকুইভালেন্ট’ কোষসমষ্টি তৈরির পথ খুঁজে পেয়েছেন তারা!
এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, ল্যাবরেটরিতে মানব দেহের ত্বকের কোষ থেকে তৈরি টিসু বা কোষসমষ্টিগুলোকে পুরোদস্তুর মস্তিষ্ক হিসেবে বিবেচনা না করে বিজ্ঞানীরা চিহ্নিত করছেন ‘ব্রেইন অর্গানয়েডস’ নামে।
ক্ষুদ্র এই কোষসমষ্টিগুলোর প্রতিটির দৈর্ঘ্য দুই থেকে তিন মিলিমিটার। এই কোষসমষ্টিগুলোর সাহায্যে গবেষকরা বিভিন্ন ওষুধের কার্যক্ষমতা পরীক্ষা করতে পারবেন এবং বর্তমানের বিভিন্ন দূরারোগ্য ব্যাধির রহস্য উদঘাটন করে ক্ষেত্রবিশেষে ব্যাধি ঠেকাতে ও নিরাময়ে সক্ষম হবেন বলেই জানিয়েছে সিএনএন।
এ প্রসঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটির আলঝেইমার গবেষণার পথিকৃৎ হিসেবে পরিচিত ডক্টর রুডলফ টানজি জানিয়েছেন, “এই আবিষ্কার এবং এর ফলাফল এক কথায় বিস্ময়কর...এটি একটি অবিশ্বাস্য অর্জন।”
শুধু আলঝেইমারই নয়, পারকিনসন্স, বিকলাঙ্গতা, স্কিৎজোফ্রেনিয়া, মৃগীরোগ, মস্তিষ্কের জখম চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ‘ব্রেইন অর্গানয়েডস’। সিএনএন জানিয়েছে, প্রায় এক দশক ধরে গবেষকরা ল্যাবে ব্রেইন টিস্যু অর্গানয়েড তৈরির চেষ্টা করছিলেন।
নিজেদের সাম্প্রতিক সাফল্য প্রসঙ্গে ওহাইয়ো স্টেট বায়োমেডিকালের গবেষক রেনে আনান্দ জানিয়েছেন, তার দলের কর্মপ্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন, এজন্যই তাদের তৈরি অর্গানয়েডে মস্তিষ্কের বেশিরভাগ অংশ রয়েছে। আনান্দ আরও জানিয়েছেন, পাঁচ সপ্তাহ বয়সী মানব ভ্রূণে যে কোষগুলো থাকে, সে কোষগুলোর ৯৮ শতাংশই তাদের তৈরি অর্গানয়েডে রয়েছে। তবে সফলতার বিবরণ বাদেও আনান্দ জানিয়েছেন, তাদের প্রকল্পটি বর্তমানে একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টিকে বাণিজ্যিকরণের মাধ্যমে গবেষণার জন্য উন্মুক্ত করতে এখনও ন্যূনতম দশ বছর অপেক্ষা করতে হবে।
প্রকল্পে নিজেদের বর্তমান অবস্থান সম্পর্কে আনান্দ বলেছেন, “বিষয়টি অনেকটা মাউন্ট এভারেস্টে উঠার মতো। এখনও আমরা বেইস ক্যাম্প ওয়ানে আছি।”
