ইমেজ সেন্সর ব্যবসা ছেড়ে দিচ্ছে তোশিবা
প্রায় সাড়ে ১৬ কোটি ডলারের বিনিময়ে নিজেদের ইমেজ সেন্সর ব্যবসা বিক্রি করে দিচ্ছে জাপানিজ ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা। পুনর্গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বদেশি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান সনির কাছে এই ব্যবসা বিক্রি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, তোশিবার বিরুদ্ধে লাভের পরিমাণ বাড়িয়ে বলার অভিযোগ প্রমাণিত হওয়ার পর চলতি বছর জুলাই মাসেই একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট। এরপর প্রতিষ্ঠানটির নতুন সিইও মাসাশি মুরোমাচি প্রতিষ্ঠানটির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যবসাক্ষেত্রগুলোতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন।
ইমেজ সেন্সরিং ব্যবসা বিক্রির সিদ্ধান্তের মাধ্যমে এই পরিবর্তন শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোনে ব্যবহার করা ইমেজ সেন্সর মূলত তোশিবার এলএসআই সেমিকন্ডাক্টার বিজনেস-এর একটি অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাপানের দক্ষিণাঞ্চলের ওইতায় অবস্থিত ইমেজ সেন্সর তৈরির প্ল্যান্ট বিক্রি করে এ জাতীয় ব্যবসার পাট চুকিয়ে অন্যান্য ব্যবসায় মনযোগ দিতে যাচ্ছে তোশিবা। সূত্রমতে খুব শীঘ্রই এই বিক্রির আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
তবে তোশিবার এলএসআই সেমিকন্ডাক্টার ব্যবসার ভবিষ্যত নিয়ে নিজেদের মধ্যে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা।
ইমেজ সেন্সর বাজারে সনি এমনিতেই বেশ ভাল অবস্থানে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চীনা কোম্পানি শিয়াওমি এবং ভারতীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স বর্তমানে সনির নির্মিত ইমেজ সেন্সর ব্যবহার করছে।
