সিসার বিপক্ষে শীর্ষ ২২ প্রতিষ্ঠান
বিতর্কিত সাইবারসিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট (সিসা) বিলের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছে বিশ্বের শীর্ষ ২২টি প্রযুক্তি প্রতিষ্ঠান। ইন্টারনেট অ্যাক্টিভিস্ট ফাইট ফর দ্য ফিউচারের সাম্প্রতিক এক জরিপে নতুন এ তথ্যটি জানা গেছে।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সিসা বিলের বিরুদ্ধে যে ২২টি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপল, গুগল, টুইটার এবং উইকিপিডিয়া।
তবে ফইট ফর দ্য ফিউচার জানিয়েছে, কমকাস্ট, এইচপি, সিসকো এবং ভেরাইজনসহ ১২টি প্রতিষ্ঠান এই আইন-প্রণয়নের ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে।
সিসা বিলটির প্রধান লক্ষ্য হচ্ছে, অনলাইন নিরাপত্তাকে আরও দৃঢ় করা, কিন্তু জনসাধারণের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং প্রাইভেসি লংঘন হওয়ার আশঙ্কা থাকায় শুরু থেকেই বিলটি বিতর্কিত অবস্থায় রয়েছে। বিলটি পাশ হলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ গ্রাহক তথ্য প্রয়োজনে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সঙ্গে শেয়ার করতে বাধ্য হবে। হোমল্যান্ড সিকিউরিটি আবার বাধ্য থাকবে অন্যান্য মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বিলটি শেয়ার করতে।
বিষয়টি বর্তমানে এতোটাই বিতর্কিত হয়ে উঠেছে যে স্বয়ং হোমল্যান্ড সিকিউরিটি বিলটির বিপক্ষে কথা বলছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এতে করে গুরুত্বপূর্ণ প্রাইভেসি নিরাপত্তা লংঘিত হতে পারে।
বিলটির বিপক্ষে দাড়ানো মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্তমান সিসা প্রস্তাবকে সমর্থন জানাতে পারছে না। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ওই বিবৃতিতে আরও বলেছে, “আমাদের কছে সবচেয়ে মূল্যবান হচ্ছে গ্রাহকদের বিশ্বাস এবং প্রাইভেসি লংঘন করে তাদের নিরাপত্তা দেওয়া উচিত, সে বিষয়টি আমরা বিশ্বাস করিনা।”
অন্যান্য প্রতিষ্ঠানও বিভিন্ন বিবৃতির মাধ্যমে বিলটির বিপক্ষে কথা বলছে বলেই জানিয়েছে গার্ডিয়ান।
