উইকিলিকসে এবার সিআইএ প্রধান
নিজের ব্যাক্তিগত মেইল অ্যাকাউন্ট হ্যাক করল এক কিশোর, এ ঘটনার রেশ না কাটতেই গোদের উপর বিষফোড়ার মতো আরেক ঘটনার মুখোমুখি হতে হলো সিআইএ প্রধান জন ব্রেনানকে। সেই মেইল অ্যাকাউন্টের ডকুমেন্ট ফাঁস করেছে তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস।
ব্রেনানের ওই মেইল অ্যাকাউন্ট ছিল মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজনের মেইল সার্ভিস এওএল-এর। এর মাধ্যমে ভেরাইজনে চাকরী পেতে আর অন্য আরেক কর্মীকে ঠকাতে এই কাজ করেছে বলে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারডকে জানিয়েছে ওই কিশোর।
ব্রেনানের সিকিউরিটি ক্লিয়ারেন্স অ্যাপলিকেশন সংশ্লিষ্ট তথ্য ফাঁস করেছে উইকিলিকস। এর আওতায় রয়েছে ব্রেনানের অনেক ব্যাক্তিগত তথ্য, তার পাসপোর্ট নাম্বার, তার আগের বাসার ঠিকানা আর পরিচিতদের তথ্য। সেই সঙ্গে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিমালা, আর যুক্তরাষ্ট্রে বন্দী নির্যাতন বিষয়ে বিভিন্ন চিঠিও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
নিজেদের তথ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র সরকার কতটা অদক্ষ তা তথ্য ফাঁসের এই ঘটনাই প্রমাণ করে। সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন নিজের ব্যাক্তিগত মেইল আইডি দাপ্তরিক কাজে ব্যবহার করেন এমন প্রতিবেদন আর সিআইএ প্রধানের ব্যাক্তিগত মেইল আইডির তথ্য অল্পবয়সী এক কিশোরের হাতে চলে যাওয়ার মতো ঘটনা ডেটা সুরক্ষা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে ভাবাতে যথেষ্ট – বলা হয়েছে ওই প্রতিবেদনে।
কিন্তু বারবার ডেটা সুরক্ষা সত্ত্বেও নাগরিকদের থেকে আরও তথ্য সংগ্রহে চাপ দিচ্ছে মার্কিন সরকার। সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সাইবার হুমকিবিষয়ক তথ্য শেয়ারের জন্য একটি আইন করার লক্ষ্যে এক হয়েছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে, এই আইন নাগরিকদের তথ্যে সরকারকে আরও বেশি পৌঁছানোর সুযোগ দেবে বলে মনে করছেন প্রাইভেসি বিশেষজ্ঞরা।
ব্রেনানের আগে সিআইএ প্রধান ছিলেন ডেভিড পেট্রিয়াস। নিজের সহধর্মিনীর সঙ্গে তথ্য শেয়ারের অভিযোগে তাকে সরিয়ে ব্রেনানকে এ পদে বসানো হয়। কিন্তু নিজেদের ব্যাক্তিগত তথ্য নিরাপদে রাখতে পারে না এমন এক প্রতিষ্ঠানের মেইল অ্যাকাউন্টে ব্রেনানের গুরুত্বপূর্ণ সব তথ্য রাখার বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছে টেকক্রাঞ্চ।
