২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন টুইটার সিইও

পূর্ব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বুধবার ডেভেলপারদের কাছে ক্ষমা চেয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও ‘নতুন’ প্রধান নির্বাহী জ্যাক ডরসি। ক্ষমাপ্রার্থনা করে ডরসি জানিয়েছেন, তিনি নতুন করে ডেভলপরাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অনেকদিন ধরেই ডেভেলপারদের সঙ্গে টুইটারের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারী বাড়াতে ডেভেলপররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

বুধবার ডরসি ডেভেলপাদের উদ্দেশ্যে বলেন, “চলার পথে কোনো এক জায়গায়, ডেভেলপারদের সঙ্গে আমাদের সম্পর্কটি একটু জটিল হয়ে গিয়েছিল। ডেভেলপাদের সঙ্গে আমাদের সম্পর্কটি বিভ্রান্তিকর ও অনিশ্চিত হয়ে পড়েছিল। আজ আমরা সেসব বিভ্রান্তির জন্য ক্ষমাপ্রার্থনা করতে আপনাদের কাছে আসতে চাচ্ছি।

টুইটারের প্রাক্তন প্রধান নির্বাহী ডিক কস্টোলো তিন বছর আগে এ ধরনের একটি শান্তি প্রস্তাব রেখেছিলেন। সে সময় জটিল নিয়মের জালে ফেলে ডেভেলপারদের চটিয়ে দিয়েছিলেন তিনি।

ক্ষমা চাওয়ার পাশাপাশি ডেভেলপারদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি স্বল্প কিছু প্রস্তাবনাও জানিয়েছে। টুইটারের ওই প্রস্তাবনাগুলোর ফলে ডেভেলপাররা আরও সহজে অ্যাপ তৈরি করতে, অর্থ উপার্জন করতে এবং টুইটার কনটেন্ট ব্যবহার ও সামাজিক মাধ্যমটির ডেটার সুবিধা নিতে পারবেন।

টুইটারের ছবি পোস্ট, ওয়েব লিংক ছোট করার মতো জনপ্রিয় মৌলিক ফিচারগুলো প্রথমে থার্ড-পার্টি ডেভেলপাররাই তৈরি করেছিলেন। কিন্তু ২০১২ সালে প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারী অভিজ্ঞতার নিয়ন্ত্রণ নিতে যেয়ে ডেভেলপারদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছিল।

পাবলিশার ও ডেভেলপাররা যাতে কোনো টুইটার কনটেন্ট ইন্টারনেটের অন্য কোথাও থেকে সংগ্রহ করতে, সংগঠিত করতে এবং ব্যবহার করতে পারেন, সেজন্য প্রতিষ্ঠানটি সে সংক্রান্ত টুল উন্নয়নে কাজ করছে বলেই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। টুইটারের নতুন সংবাদভিত্তিক ফিচার ‘মোমেন্টস’-এ পাবলিশার ও ডেভেলপাররা যাতে প্রবেশাধিকার পান, সেজন্য তাদেরকে বিভিন্ন নতুন টুল দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।