২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেসলার গাড়িতে ‘অটোপাইলট’

চলতি বছর ১৪ অক্টোবর ইসু করা সফটওয়্যার আপডেটের সঙ্গে বৈদ্যুতিক গাড়িতে চমকপ্রদ ফিচার যোগ করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। দূর যাত্রায় গাড়ি চালানো আরও সহজ করতে প্রতিষ্ঠানটির গাড়িতে যোগ হয়েছে ‘অটোপাইলট’ ফিচার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

বৈদ্যুতিক গাড়ি মডেল এস-এ অটোপার্ক, অটোস্টিয়ার, অটো লেন চেইঞ্জের মতো ফিচার যোগ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সাইট ম্যাশএবল। নতুন এই ফিচারগুলো নিয়েই এই প্রতিবেদন-

অটোস্টিয়ার

টেসলার অটোস্টিয়ার ফিচার এখনও বেটা সংস্করণে আছে। লম্বা সময় গাড়ি চালানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। একাধিক ক্যামেরা, রেডার আর আল্ট্রাসনিক সেন্সরের বদৌলতে চালক আরামে হাত গুটিয়ে বসে থাকলেও কোনো সমস্যা হবে না, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে গাড়িটির স্টিয়ারিং।

গাড়িটির সামনে একটি ক্যামেরা রাখা আছে যা দিয়ে গাড়িটি রাস্তার লাইন আর সামনে থাকা গাড়ি শনাক্ত করতে পারবে। যদি ওই ক্যামেরায় পরিষ্কারভাবে সামনের দৃশ্য দেখা যায়, তবে গাড়ির ইন্সট্রুমেন্টাল প্যানেলে একটি ধূসর স্টিয়ারিং হুইল দেখানো হবে। এর মানে হচ্ছে, চালক চাইলেই এখন গাড়ির অটোস্টিয়ার ফিচার চালু করতে পারেন। গাড়ির ক্রুজ কন্ট্রোল লিভারটি দুইবার টানলেই ফিচারটি চালু হয়ে যাবে। চালক চাইলে গাড়িটির গতিসীমাও নিয়ন্ত্রণ করতে পারেন, এমনকি কিছু কিছু জায়গায় সামনে থাকা সর্বোচ্চ গতিসীমার সাইনবোর্ড দেখে তা প্যানেলে প্রদর্শনও করতে পারবে। এতেই শেষ নয়, সামনের গাড়ি থেকে কতটুকু দূরত্ব বজায় রাখবেন তাও নির্ধারণ করে দিতে পারবেন চালক।

তবে, গাড়িটির স্টিয়ারিংয়ে সবসময় হাত রাখার পরামর্শ দিয়েছে নির্মাতারা। এর কারণ, উচুঁ-নিচু রাস্তায় মাঝে মাঝে অটোস্টিয়ারিং নিয়ন্ত্রণ রাখতে পারে না। অবশ্য, এক্ষেত্রে গাড়িটি নিজেই চালককে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সংকেত দেবে।

অটো লেন চেইঞ্জ

শুধু অটোস্টিয়ারে কোনো চালক খুশি হতে না পারলেও হতাশ হওয়ার দরকার নেই। অটোস্টিয়ারের সঙ্গে আনা হয়েছে অটো লেন চেইঞ্জ সুবিধা। এর ফলে, চালকের সহায়তা ছাড়াই গাড়িটি নিজে নিজে লেন বদলাতে পারবে।

অটোস্টিয়ার ব্যবহারের সময় চালক যদি কোন দিকে যাওয়া লাগবে তার নির্দেশনা দিয়ে দেন, তবে পর্যাপ্ত জায়গা পেলে গাড়িটি নিজেই লেন বদলে নেবে।

ম্যাপ আর জিপিএস

গাড়িটিতে যোগ করা হয়েছে টেসলার উচ্চ-রেজুলিউশনের দিকনির্দেশনাদানকারী ম্যাপ। সঙ্গে রাখা হয়েছে অনেকগুলো জিপিএস সিস্টেম। এর ফলে, কোন লেইনে যাওয়াটা সুবিধাজনক তা চটজলদি জানিয়ে দেবে গাড়িটি।

গাড়িটির দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

এছাড়াও গাড়িটিতে রয়েছে ভ্রমণের সব প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি আর সাউন্ডসিস্টেম।