২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে গ্যালাক্সি এস৭!

২০১৬ সালের জানুয়ারি মাসেই গ্যালাক্সি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৭’ উন্মোচন করতে পারে স্যামসাং। বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের থেকে বাজারে এগিয়ে থাকতেএই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই গ্যালাক্সি এস৭-এর ডিজাইন চূড়ান্ত করেছে স্যামসাং। এখন বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।

বছরের শেষ অংশে উন্মোচন না করে জানুয়ারি মানে উন্মোচন করলে নতুন গ্যালাক্সি স্মার্টফোনের বিক্রি বেশি হবে বলে আশা করছে স্যামসাং। আদতে অ্যাপলের আইফোনের বিপরীতে সরাসরি লড়াই না করে ভিন্ন সময়ে বাজারে অবস্থান গড়ার ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে চাইছে প্রতিষ্ঠানটি– জানিয়েছে সিনেট।

চলতি বছরটি স্যামসাংয়ের জন্য খুব একটা সুবিধের যাচ্ছে না বলে জানিয়েছে সিনেট। জুলাই মাসে শেষ হওয়া প্রান্তিকে টানা দ্বিতীয় বারের মতো মুনাফা হ্রাস পেয়েছে প্রতিষ্ঠানটির।

মার্চ মাসে গ্যালাক্সি এস৬ উন্মোচন করেও আশানরূপ ফল পায়নি প্রতিষ্ঠানটি। তবে অক্টোবর মাসে এই অবস্থা পরিবর্তনের আশা করছেন স্যামসাংয়ের কর্তাব্যক্তিরা।

অন্যদিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো স্মার্টফোন বাজার নিয়েই স্যামসাংয়ের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ইলেকট্রনিক টাইমস।