২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেসি রক্ষায় অ্যাপ সরালো অ্যাপল

গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে এমন অভিযোগের পর অ্যাপ স্টোর থেকে বেশ কিছুসংখ্যক অ্যাপ সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। সোর্স ডিএনএ নামের একটি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে এই ঘটনা উঠে আসার পর এই সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইওএস অ্যাপ স্টোরে ২৫৬টি অ্যাপ রয়েছে যেগুলোতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকের ই-মেইল, ডিভাইস নাম্বার এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। অ্যাপলের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এই ধরনের অ্যাপগুলো অবৈধ।

অ্যাপগুলোর নাম প্রকাশ করা না হলেও এদের বেশিরভাগ চীনের ডেভেলপারদের দিয়ে তৈরি বলে সোর্স ডিএনএ-এর পক্ষ থেকে বলা হয়।

চীনা বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ‘ইয়োমি’-এর সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে)-এ প্রথম এই তথ্য চুরির ঘটনা ধরা পরে বলে জানিয়েছে ম্যাশএবল। প্রতিষ্ঠানটির এসডিকে গ্রাহকদের ই-মেইল, ডিভাইস সিরিয়াল নাম্বার এবং ডাউনলোড করা অ্যাপের তালিকা সম্পর্কে ডেটা সংগ্রহ করে নিজস্ব সার্ভারে আপলোড করে আসছিল।

অ্যাপল গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে এমন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) তৈরি করতে ডেভেলপরারদের অনুমতি না দিলেও প্রায় দুই বছর ধরে ইয়োমি এই ধরনের এপিআই ব্যবহার করে আসছে বলে জানিয়েছে ম্যাশএবল।

ইয়োমির এই সফটওয়্যারটি ব্যবহার করে এই ২৫৬টি অ্যাপ মোট ১০ লাখ বার ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। অ্যাপ স্টোর স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ডাউনলোডের পরিমাণ খুব বেশি না হলেও অ্যাপ স্টোরে অন্যান্য প্রতিষ্ঠান এই ধরনের কৌশল অবলম্বন করছে না তা নিশ্চিত করে বলা যায়না।  

অবশ্য বিতর্কিত অ্যাপগুলোর এসডিকে যে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছে তা অনেক ডেভেলপারই জানতেন না বলে ধারণা করা হচ্ছে।

বিতর্কিত এই অ্যাপসগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপল। এর ফলে ক্ষতিগ্রস্থ ডেভেলপারদের অ্যাপগুলো থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা এসডিকে বাদ দিয়ে পুনরায় স্টোরে ফিরিয়ে আনা হবে বলে বিবৃতিতে বলা হয়। তবে ঠিক কতজন ডেভেলপার ক্ষতিগ্রস্থ হয়েছেন তা এখনো পরিষ্কার নয়।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ম্যালওয়্যার আক্রমণের শিকার এমন ১২টি অ্যাপ চাইনিজ অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয় অ্যাপল।