২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ প্রধানের ইমেইল হ্যাকড!

হ্যাকিংয়ে শিকার হওয়ার ঘটনাতো হরহামেশাই শোনা যায়, কিন্তু এর শিকার শিকার যদি হন খোদ সিআইএ পরিচালক তাহলে তো একটু ভড়কে যেতেই হয়।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:05 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

অবাক করা হলেও বাস্তবে তাই ঘটেছে, হ্যাক করা হয়েছে সিআইএ পরিচালক জন ব্রেনানের ব্যাক্তিগত মেইল অ্যাকাউন্ট। তাও আবার বড় কোনো রাঘব-বোয়াল নয়, অ্যাকাউন্টটি একজন হাইস্কুল শিক্ষার্থী হ্যাক করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের তদন্ত প্রতিবেদন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মেইল অ্যাকাউন্টটিতে শীর্ষ 'সিকিউরিটি ক্লিয়ারেন্স'- এর জন্য ব্রেনানের অ্যাপ্লিকেশনের মতো কাজ সম্পর্কিত নথি পাওয়া গেছে বলে জানিয়েছে অভিযুক্ত ওই শিক্ষার্থী।

হ্যাক হয়েছে কি না তা নিয়ে এখনও কিছু নিশ্চিত করেনি সিআইএ, শুধু 'তদন্ত চলছে' বলার মধ্যেই মন্তব্য সীমাবদ্ধ রাখে তারা।

ওই শিক্ষার্থীর পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। তবে, সে পররাষ্ট্র নীতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের উপর ক্ষিপ্ত ছিল বলে জানিয়েছে দৈনিকটি। নিজের টুইটার অ্যাকাউন্টে সে ব্রেনানের কন্টাক্ট লিস্ট, সিআইএ- এর ডেপুটি ডিরেক্টরের ফোনের তালিকা, কিছু টেলিফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস আর কিছু অন্যান্য ডকুমেন্ট টুইট করেছে সে।

এক বিবৃতিতে সিআইএ জানায়, "আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসা প্রতিবেদন নিয়ে সতর্ক আছি আর যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হয়েছে।"

ওই কিশোরের বিরুদ্ধে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জেহ জনসনের একটি মেইল অ্যাকাউন্ট হ্যাক করা অভিযোগও রয়েছে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটনের ব্যাক্তিগত মেইল আইডি হ্যাক করার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়।