২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রসারিত হচ্ছে স্কাইপ সেবা

নিজেদের স্কাইপ সেবাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 09:01 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, স্কাইপের সেবা সম্প্রসারণে নতুন একটি ফিচারও ঘোষণা করেছে মাইক্রোসফট।

নতুন ফিচারের সাহায্যে স্কাইপে অ্যাকাউন্ট নেই এমন ইন্টারনেট ব্যবহারকারীদেরও চ্যাট করার আমন্ত্রণ জানানো সম্ভব হবে। স্কাইপ ফর ওয়েব সেবার মাধ্যমেই একাজ করা যাবে। ইন্টারনেট ব্যবহারকারীদের চ্যাটে অংশগ্রহণ করতে কোনো স্কাইপ অ্যাকাউন্ট বা অ্যাপ ডাউনলোডের প্রয়োজন পড়বে না। সরাসরি আমন্ত্রণের লিংকে ক্লিক করেই স্কাইপ আলাপচারিতায় অংশগ্রহণ করতে পারবেন তিনি।

স্কাইপের নতুন ফিচারটির মাধ্যমে ইমেইল, ফেইসবুক মেসেঞ্জার, টুইটার এবং হোয়াটসঅ্যাপেও আমন্ত্রণের লিংক পাঠানো যাবে। আমন্ত্রণপ্রাপ্ত ব্যবহারকারীর স্কাইপ অ্যাকাউন্ট না থাকলে লিংকে গিয়ে শুধু নিজের নাম আর ‘জয়েন’ বাটনে ক্লিক করতে হবে। ম্যাক, পিসি বা যেকোনো ওয়েব অ্যাপ্লিকেশন থেকে এই আমন্ত্রণ লিংক তৈরি করা যাবে বলেই জানিয়েছে মাইক্রোসফট। এমনকি চাইলে মোবাইল থেকেও স্কাইপ আলাপে যোগ দিতে পারবেন আমন্ত্রিত ব্যক্তি।

মাইক্রোসফট জানিয়েছে, শুরুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্কাইপ ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। তবে আগামী কয়েক সপ্তাহ নাগাদ বিশ্বের প্রায় প্রতিটি দেশের জন্যই ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হবে।