না চাইলেও উইন্ডোজ ১০!
ইচ্ছা না থাকা স্বত্ত্বেও ব্যবহারকারীর ‘সামান্য ভুলের’ কারণে কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে উইন্ডোজ ১০। ব্যবহারকারী অসতর্কতাবশত নতুন উইন্ডোজ আপডেটের ‘OK' বাটনে ক্লিক করলেই কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ আপগ্রেড হয়ে যাবে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, উইন্ডোজ ১০ এড়াতে চাইলে ব্যবহারকারীদের ‘প্রি-চেক’-এর মাধ্যমে ঠিক করে দিতে হবে, তারা কোন উইন্ডোজ আপডেটগুলো ইনস্টল করতে চাচ্ছেন।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ প্রসঙ্গে জানিয়েছে, বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যে কম্পিউটারগুলোতে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১-এর আসল সংস্করণ চলছে, সেগুলোর উইন্ডোজ আপডেট কন্ট্রোল প্যানেলে ‘অপশনাল আপডেট’ হিসেবে উইন্ডোজ ১০ পৌঁছে যাওয়ার কথা। কিন্তু কোনো ভুলের কারণে অপশনটি ডিফল্ট হিসেবে উপস্থিত হচ্ছে।
ভুলটি সংশোধনের জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
